এনসিপিতে কোন্দল
অপহরণ মামলা ও অব্যাহতি, দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ০৯:৪৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে মৌলভীবাজারে একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সম্প্রতি সংগঠন থেকে অব্যাহতি পাওয়া নেতা আব্দুল্লাহ আল হুসাইন নিজেই এই মামলার বাদী। তবে এই মামলাটিকে সম্পূর্ণ সাজানো, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর প্রতিবাদে ৫ জুলাই জেলা শহরের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে এনসিপি জেলা কমিটি।
সংবাদ সম্মেলনে এনসিপি জেলা কমিটির আহ্বায়কসহ দায়িত্বশীল নেতারা জানান, গত ২৬ জুন কুলাউড়ার শরীফপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ আয়োজন করা হয়।
কর্মসূচি শুরুর প্রাক্কালে জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন, যুগ্ম সদস্য সচিব কামরুল হাসান এবং ছাত্রশক্তির দুই নেতার নেতৃত্বে কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করেন। এ সময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে বহনকারী গাড়িতে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে কুলাউড়ার মূল কর্মসূচি শেষে সন্ধ্যায় কমলগঞ্জের শমসেরনগরে যাওয়ার পথে এই গ্রুপটি পুনরায় হামলার চেষ্টা চালায়।
জেলা নেতাদের দাবি, কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে শৃঙ্খলাভঙ্গকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হলে, সম্ভাব্য শাস্তি এড়াতে ও ঘটনা ভিন্ন খাতে নিতেই ২৮ জুন মৌলভীবাজার মডেল থানায় এই মিথ্যা অপহরণ মামলা দায়ের করা হয়। সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ঘটনার প্রকৃত অবস্থা যাচাই ও জেলা নেতাদের বক্তব্য না নিয়ে প্রাথমিক তদন্ত ছাড়াই থানা পুলিশ তড়িঘড়ি করে মামলাটি গ্রহণ করেছে। তারা এই মামলার একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।
এদিকে অব্যাহতি পাওয়া নেতা ও মামলার বাদী আব্দুল্লাহ আল হোসাইন অভিযোগ অস্বীকার করে জানান, ২৬ জুন রাত সাড়ে ৯টার দিকে মৌলভীবাজার শহরের নিকটবর্তী রঘুনন্দনপুর এলাকা থেকে জুনেদ নামক এক ব্যক্তির নেতৃত্বে তাঁকে অপহরণ করা হয়।
আব্দুল্লাহ আল হোসাইনের দাবি, তাঁকে অপহরণ করা হয়েছে রাত সাড়ে ৯টায় আর দল থেকে অব্যাহতি দেওয়ার বিজ্ঞপ্তি প্রচার করা হয়েছে রাত ১১টা ৫৭ মিনিটে। অর্থাৎ অপহরণের ঘটনার পর তড়িঘড়ি করে অব্যাহতি দেওয়া হয়েছে। তাই সাংগঠনিক ব্যবস্থা এড়াতে অপহরণের নাটক সাজানোর যে দাবি জেলা নেতারা করছেন, তা সম্পূর্ণ মিথ্যা।
তদন্ত ছাড়া তড়িঘড়ি করে অপহরণ মামলা গ্রহণের অভিযোগের বিষয়ে জানতে মৌলভীবাজার মডেল থানার ওসিকে একাধিবার কল করেও পাওয়া যায়নি।
- বিষয় :
- জাতীয় নাগরিক পার্টি
- এনসিপি
- মৌলভীবাজার