ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

লাল পতাকায় বন্দি শিশুদের খেলাধুলা

লাল পতাকায় বন্দি শিশুদের খেলাধুলা
×

ইজাজ আহমেদ মিলন, গাজীপুর 

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

সবুজে মোড়া বিশাল একটি মাঠ। প্রতিদিন টিফিনের ঘণ্টা বাজলেই যেখানে ছোট ছোট পায়ে ছুটে আসে শিশুরা। ফুটবলের দৌড়ঝাঁপে মুখর হয়ে থাকত চারপাশ। কিন্তু সেই মাঠে টানানো লাল পতাকার নিষেধাজ্ঞায় বন্ধ হয়ে গেছে শিশুদের খেলাধুলা। এ দৃশ্য গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-সংলগ্ন মাঠের। গতকাল সোমবার সকালে মাঠের একটি বড় অংশজুড়ে সাতটি খুঁটি পুঁতে লাল কাপড়ের পতাকা টানানো হয়। ফলে টিফিনের সময় কোনো শিক্ষার্থী মাঠে নেমে খেলতে পারেনি।

গতকাল দুপুরে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের বারান্দা থেকে ১৫-২০ ফুট দূরে শুরু হয়েছে লাল পতাকার সারি। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত টানানো পতাকার ওপারে পড়ে আছে বিশাল মাঠ। অথচ সেখানে নেই কোনো শিশুর ছোটাছুটি, ফুটবলের উচ্ছ্বাস। শিশুরা বিদ্যালয়ের সামনের ছোট্ট এক কোণে খেলা করতে বাধ্য হচ্ছে।
জানা গেছে, একই মাঠের উত্তর পাশে বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং দক্ষিণ পাশে বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা। মাঠের অধিকাংশ জায়গার মালিক মাদ্রাসা কর্তৃপক্ষ। দীর্ঘদিন এ মাঠে খেলাধুলা করে আসছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে এ মাঠে খেলা করে স্থানীয়রাও। শিক্ষার্থীরা জানায়, লাল পতাকা টানানোর পর মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, পতাকা দেওয়া অংশে খেলতে পারবে না কেউ। এমনকি খেলতে গিয়ে বল ওই অংশে চলে গেলে সেটিও আর ফেরত দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, গত শনিবার মাঠে স্থানীয় দুপক্ষের ফুটবল খেলাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। এরপরই মাদ্রাসা কর্তৃপক্ষ নিজেদের মালিকানাধীন অংশে সাময়িকভাবে খেলাধুলা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

বানিয়ারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাম্মাৎ শিখা বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, মাঠে খেলা নিয়ে মারামারি হওয়ায় তারা আপাতত খেলাধুলা বন্ধ রেখেছে। আমাদের নিজস্ব কোনো খেলার মাঠ নেই। জায়গার সংকটের কারণে বাধ্য হয়েই শিশুদের ওই মাঠে খেলতে হয়। নিষেধাজ্ঞা থাকলে আমাদের কিছুই করার নেই।
বানিয়ারচালা জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মোবারক হোসেন বলেন, গত শনিবার মাঠে খেলাকে কেন্দ্র করে মাদ্রাসার ছাত্রদের সঙ্গে বাইরের লোকজনের মারামারি হয়েছে। এরপর পরিস্থিতি বিবেচনায় নিজেদের জায়গায় সাময়িকভাবে খেলাধুলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, শিশু-কিশোরদের কোনো খেলার মাঠ কেউ বন্ধ করতে পারে না। বিষয়টি আমার জানা ছিল না। দ্রুতই ওই মাঠ খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×