ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

বদলির সংবাদে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ

বদলির সংবাদে শিক্ষা কর্মকর্তা অবরুদ্ধ
×

ফরিদপুরের ভাঙ্গায় সদ্য বদলি হওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে গতকাল বুধবার অবরুদ্ধ করেন শিক্ষক-কর্মচারীরা সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

ফরিদপুরের ভাঙ্গায় নিজ কার্যালয়ে অবরুদ্ধ করা হয়েছিলো সদ্য বদলি হওয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে। সম্প্রতি এই কর্মকর্তার বিরুদ্ধে বদলির কথা বলে সহকারী শিক্ষকদের টাকা আত্মসাৎ, বিভিন্ন বিদ্যালয়ের দপ্তরিদের তিন মাসের বেতন আটকে রাখাসহ নানা অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার মন্ত্রণালয়ের উপসচিব সাখাওয়াত হোসেন সরকারের সই করা প্রজ্ঞাপনে জাহাঙ্গীর আলমকে তাৎক্ষণিক বদলি (স্ট্যান্ডরিলিজ) করে খাগড়াছড়ির মাটিরাঙায় যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, এই কর্মকর্তার বদলির সংবাদ জানাজানি হলে গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শত শত শিক্ষক-কর্মচারী এসে জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর বেলা প্রায় ১টার দিকে ইউএনও মাহমুদুল হাসান আন্দোলনকারীদের সঙ্গে বসে তাদের শান্ত করেন। পরে বাসায় চলে যান জাহাঙ্গীর আলম। সেখানে গিয়েও কিছু আন্দোলনকারী পাওনা দাবি করেন।

প্রাথমিক শিক্ষক সমিতির ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি শামছুল আলমের ভাষ্য, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শিক্ষকদের বদলির নামে বাণিজ্য, ভুয়া দপ্তরি নিয়োগ ও তাদের নামে কোটি কোটি টাকা উত্তোলন, উপজেলার ২০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঠামো দরপত্র আহ্বান ছাড়াই বিক্রির অভিযোগ রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য অতিরিক্ত ঘর নির্মাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ, ব্যাংকে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নামে থাকা অ্যাকাউন্টে বরাদ্দের টাকা না রেখে নিজ অ্যাকাউন্টে জমা রাখা, জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে অসদাচরণসহ তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ রয়েছে। 
জাহাঙ্গীর আলমের দাবি, ‘এটি ছিল আমার বিরুদ্ধে চক্রান্ত। আমার বদলির সংবাদে কিছু পাওনাদারকে দিয়ে ষড়যন্ত্রমূলকভাবে আমাকে অবরুদ্ধ করা হয়।’
ইউএনও মাহমুদুল হাসান বলেন, ‘বদলি হওয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে শিক্ষক-কর্মচারীরা অবরুদ্ধ করেছিলেন। সংবাদ পেয়ে আমি দ্রুত উভয় পক্ষকে ডেকে পরিবেশ শান্ত করেছি।’

আরও পড়ুন

×