ফুটবলে বুঁদ এক বিকেল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের সঙ্গে অতিথিরা সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ জুলাই ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
ফুটবল বিশ্বকাপে মাতোয়ারা বিশ্ব। এর মধ্যেও গাজীপুরবাসী এক বিকেল বুঁদ হয়ে থাকল জমজমাট ফুটবল আয়োজনে। গতকাল শুক্রবার বিকেলে জেলা শহরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।
এতে টাইব্রেকারে ৩-২ গোলে মানিকগঞ্জের ‘একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে’ হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। জেলা ফুটবল অ্যাসোসিয়েশন এ টুর্নামেন্টের আয়োজন করে।
নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে ৩-২ গোলের ব্যবধানে একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় বিকেএসপি।
বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। খেলা উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, জেলা পুলিশ সুপার শরীফ উদ্দীন।
দেশের বিভিন্ন জেলার ১৬টি দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ফাইনাল ম্যাচ ঘিরে শহীদ বরকত স্টেডিয়ামে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’ স্লোগানে আয়োজিত ফাইনাল
খেলায় গ্যালারির পাশাপাশি মাঠের চারপাশও ছিল দর্শকে পরিপূর্ণ।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলের জন্য তিন লাখ টাকা এবং রানার্সআপ দলের জন্য দুই লাখ টাকা প্রাইজমানি নির্ধারণ করে পুরস্কৃত করা হয়।
- বিষয় :
- ফুটবল