ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

কিশোরগঞ্জে দুই দিন পর নিখোঁজ পর্যটক ও কৃষকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে দুই দিন পর নিখোঁজ পর্যটক ও কৃষকের মরদেহ উদ্ধার
×

পর্যটক শফিকুল ইসলাম তুলু ও কৃষক সিরাজ মোড়ল। ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ১২:৩৪ | আপডেট: ১২ জুলাই ২০২৬ | ১২:৫০

কিশোরগঞ্জে নদী ও হাওরের পানিতে ডুবে নিখোঁজ এক পর্যটক ও এক কৃষকের মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়। রোববার সকালে পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সিরাজ মোড়ল (৬০) এবং গাজীপুরের কাপাসিয়া উপজেলার কানদানিয়া গ্রামের শফিকুল ইসলাম তুলু (২৮)। 

পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস জানান, রোববার সকাল ৬টার দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমি এলাকায় নদীতে ভাসমান অবস্থায় সিরাজ মোড়লের মরদেহ উদ্ধার করেন তার স্বজনরা।

অন্যদিকে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে নিকলী উপজেলার দামপাড়া কাঁঠালিয়া হাওর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা শফিকুল ইসলামের মরদেহ উদ্ধার করেন।

জানা গেছে, শুক্রবার সকালে সিরাজ মোড়ল নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হয়ে গরুর জন্য ঘাস কেটে ফেরার পথে প্রবল স্রোতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হন।

একই দিন গাজীপুরের কাপাসিয়া থেকে ২৫ জন বন্ধুর সঙ্গে নিকলীর হাওরে বেড়াতে যান শফিকুল ইসলাম। দুপুরে কাঁঠালিয়া হাওরে গোসল করতে নেমে তিনি নিখোঁজ হন।

দুজনের সন্ধানে গত দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালালেও তাদের খুঁজে পাওয়া যায়নি। রোববার সকালে পৃথক স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন

×