ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

আগৈলঝাড়া থানায় ভাঙচুর, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬

আগৈলঝাড়া থানায় ভাঙচুর, প্রধান আসামিসহ গ্রেপ্তার ৬
×

ফাইল ছবি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২২:৪৩

বরিশালের আগৈলঝাড়া থানায় হামলা, ভাঙচুরের ঘটনায় পুলিশের মামলায় প্রধান আসামি ইদ্রিস ফকিরসহ আরও ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার চারজনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সকালে নুরুল ইসলাম নামে একজনকে ও পাশের উজিরপুর থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, একটি চুরি মামলার আসামি রিয়াজ ফকিরকে গত বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। থানাহাজতে থাকা অবস্থায় তিনি দেয়ালে নিজের মাথায় আঘাত করে অচেতন হয়ে পড়েন। শুরুতে তাঁকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রিয়াজ ফকির চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। এতে শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে থানায় ঢুকে পড়ে ভাঙচুর চালায়। ঘটনার রাতেই উপপরিদর্শক (এসআই) ওমর ফারুক বাদী হয়ে থানায় মামলা করেন। এতে ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়।

এই মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ইদ্রিস ফকির, ৩০ নম্বর আসামি রাব্বি ফকির, ৩৭ নম্বর আসামি ইয়াসমিন আক্তার ও তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় ইদ্রিসের স্ত্রী হাসিনা বেগমকে (৪৫) গ্রেপ্তার করে ঢাকা গোয়েন্দা পুলিশ। তাদের আগৈলঝাড়া থানার এসআই মাসুদুর রহমান নেতৃত্বে পুলিশ আগৈলঝাড়ায় নিয়ে আসে।

আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, প্রধান আসামিসহ সবাইকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত আসামি ও তদন্তে শনাক্ত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। 

আরও পড়ুন

×