সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে পোশাককর্মীর মরদেহ উদ্ধার, স্বামী-সন্তান নিখোঁজ
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১০:৫৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ১০:৫৫
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে ভাড়া বাসা থেকে সাদিয়া আক্তার (২৩) নামে এক গার্মেন্টকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর মৃত্যুর পর থেকে তাঁর সঙ্গে স্বামী পরিচয়ে বসবাসকারী ব্যক্তি ও ৬ বছর বয়সী শিশুকন্যার খোঁজ পাওয়া যাচ্ছে না।
গতকাল সোমবার দিবাগত রাত আনুমানিক পৌনে ১১টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের মিজমিজি বাতেনপাড়া এলাকার একটি টিনশেড বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাদিয়া আক্তার পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের মো. ইউসুফ মোল্লার মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি গার্মেন্ট কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, গত ১ জুলাই সাদিয়া আক্তার তাঁর ৬ বছর বয়সী মেয়ে এবং স্বামী পরিচয়দানকারী এক ব্যক্তিকে নিয়ে ওই বাসা ভাড়া নেন। বাড়ির মালিকের কাছে তিনি নিজের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেও তাঁর সঙ্গে থাকা ওই ব্যক্তি নিজের পরিচয়পত্র পরে দেবেন বলে জানান।
সোমবার রাতে বাড়ির মালিক সাদিয়ার কক্ষের খাটের ওপর তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে সিদ্ধিরগঞ্জ থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। সুরতহালে নিহতের মুখের বাম পাশে রক্ত জমাট বাঁধা অবস্থায় দেখা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ আরও জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- পোশাককর্মী
- মরদেহ উদ্ধার