ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

রাকসুর জিএস আম্মারের হুঁশিয়ারি

‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের ধরে থানায় সোপর্দ করব

‘ফ্যাসিবাদের দোসর’ শিক্ষকদের ধরে থানায় সোপর্দ করব
×

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কাছে তালিকা হস্তান্তর করেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২২:০৫ | আপডেট: ১৪ জুলাই ২০২৬ | ২২:০৬

কোটা সংস্কার আন্দোলনের বিপরীতে অবস্থান নেওয়া শিক্ষকদের ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদের বিচার দাবি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। একটি দীর্ঘ তালিকা আজ মঙ্গলবার দুপুরে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। অবিলম্বে ব্যবস্থা না নিলে ওই শিক্ষকদের ধরে থানায় সোপর্দ করার হুঁশিয়ারি দেন তিনি।

আন্দোলন চলাকালে ৬টি ঘটনার উল্লেখ করে এতে অংশ নেওয়া ৩০০ থেকে ৩৫০ শিক্ষকের নাম তুলে ধরা হয়। তাদের ফ্যাসিস্ট শিক্ষক আখ্যা দিয়ে তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানানো হয়। 

তালিকা হস্তান্তর শেষে সালাউদ্দিন আম্মার সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো ফ্যাসিবাদের দোসর শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ে নির্দ্বিধায় ঘুরতে দেখছি। তাদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লববিরোধী অপপ্রচার ও ন্যারেটিভ তৈরি করছেন, যা আমাদের জন্য কষ্টকর। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তবে আমরা তাদের ধরে অপরাধী হিসেবে থানায় সোপর্দ করব।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় সব ধরনের আইনি প্রক্রিয়া শুরু করেছি। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে, এই বিচার কার্যক্রম ঠিক কত দিনের মধ্যে শেষ করা হবে তার একটি সুনির্দিষ্ট ও চূড়ান্ত সময়সূচি খুব দ্রুতই আনুষ্ঠানিকভাবে সবার সামনে প্রকাশ করা হবে।’

আরও পড়ুন

×