সামাজিক মাধ্যমে পোস্ট দেওয়ার পর ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার
বিজয় পাল প্রলয়
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ২২:৫০
ময়মনসিংহের ফুলপুরে বিজয় পাল প্রলয় নামে ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে আমুয়াকান্দা বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত বিজয় পাল প্রলয় ফুলপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুকে তাঁর দেওয়া একটি আবেগঘন স্ট্যাটাস ও মানসিক কষ্টের ইঙ্গিতবাহী কিছু পোস্ট স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বিজয়কে তাঁর নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের দেওয়া খবরের ভিত্তিতে ফুলপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেলা ১১টার দিকে লাশটি উদ্ধার করে।
মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন বিজয় পাল। সেখানে তিনি লেখেন, ‘আমি জেনে বা না বুঝে যদি আপনাদের মনে কোনো প্রকার কষ্ট বা আঘাত দিয়ে থাকি, তাহলে নিজের কেউ একজন আপন ভেবে ক্ষমা করে দেবেন।’ এ ছাড়া তাঁর টাইমলাইনে গত কিছু দিনের বেশ কয়েকটি পোস্টে মানসিক কষ্ট ও বিষণ্নতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এই ফেসবুক পোস্টগুলোর সঙ্গে তাঁর মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কিনা– তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি এ কে এম মাসুদুল আলম সমকালকে জানান, বিজয় পাল শান্ত প্রকৃতির ছিলেন। কারও সঙ্গে বড় কোনো ঝামেলায় ছিলেন বলে তাঁর জানা নেই। তবে কী কষ্ট নিয়ে তিনি এমন কাজ করেছেন, তা হয়তো উদ্ঘাটন করা যাবে। তাঁর পরিবারের পাশে থাকার কথা জানান তিনি।
ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
- বিষয় :
- ময়মনসিংহ
- ছাত্রদল
- মরদেহ উদ্ধার