ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

পাট কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

পাট কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের
×

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০৮:৪৩

| প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উপজেলার মহব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রী আনোয়ার গণেশ ও তাঁর ছেলে নিমাই গণেশ। একসঙ্গে পরিবারের দুই সদস্যকে হারিয়ে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের একটি পাটক্ষেতে কাজ করতে যান আনোয়ার গণেশ ও তাঁর ছেলে নিমাই গণেশ। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে দুজনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই নিমাই গণেশের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ার গণেশকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।

প্রত্যক্ষদর্শী কাচ্চু মিয়া বলেন, আমি পাশের জমিতে আমন ধানের চারা রোপণ করছিলাম। আনোয়ার গণেশ ও তাঁর ছেলে অন্যের জমিতে পাট কাটছিলেন। পাট কেটে রাস্তার পাশে তুলছিলেন, এমন সময় বিকট শব্দে বজ্রপাত হয়। বাবা-ছেলে দুজন দুদিকে ছিটকে পড়েন। আমরা দৌড়ে গিয়ে দেখি নিমাই ঘটনাস্থলেই মারা গেছেন। আনোয়ারের অবস্থাও আশঙ্কাজনক ছিল। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় মহব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি শাহাজাহান আলী  বলেন, ‘পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলে প্রাণ হারিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।’
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বর্ষাকালে বজ্রপাতের ঝুঁকি এড়াতে প্রয়োজন ছাড়া খোলা মাঠে কাজ না করার আহ্বান জানিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকেও বজ্রপাতের সময় নিরাপদ আশ্রয়ে থাকার বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বর্ষা মৌসুমে বজ্রপাতে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে কৃষিকাজের সময় খোলা মাঠে অবস্থান করায় কৃষকরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। তাই আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা মেনে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন

×