ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

অপকর্মে আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে বিএনপি: শিবির সভাপতি

অপকর্মে আ.লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে বিএনপি: শিবির সভাপতি
×

গাইবান্ধায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন শিবির সভাপতি। ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ১৯:৩৩ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ১৯:৩৯

অপকর্মের দিক থেকে বিএনপি বর্তমানে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধার সাঘাটার বোনারপাড়ায় নিহত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর শুধু ক্ষমতার পালা বদল হয়েছে, কিন্তু আমরা যে শোষণ শাসনের পরিবর্তন চেয়েছিলাম, তা কার্যত হয়নি। বিএনপির দেশব্যাপী হত্যাকাণ্ডগুলো জুলাই পরবর্তী আলোড়ন সৃষ্টি করেছে। সর্বশেষ ১০৫ থেকে ১১০ দিনের মধ্যে ৯১৫ থেকে ৯২০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের নিজেদের দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২১৯ থেকে ২২০ জন নেতাকর্মী খুন হয়েছেন। এই আন্তঃকোন্দলের কারণে হাজার হাজার মানুষ পঙ্গুত্ববরণ করেছেন, চাঁদাবাজির শিকার হয়েছেন এবং বাড়িঘর ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন।’

এর আগে, সকাল ১১টার দিকে বোনারপাড়ায় হেলিকপ্টারযোগে আসেন ডা. এস. এম. খালিদুজ্জামান ও  ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। স্থানীয় কাজী আজহার আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণের পর গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ তাদের ফুল দিয়ে বরণ করে নেন। পরে শহীদ সাইফুল্লাহ বারীর কবর জিয়ারত করেন এবং তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এসময় সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে আর্থিক সহযোগিতা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মেডিক্যাল বিভাগের সভাপতি ডা. এস এম খালেদুজ্জামান, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ সরকার, গাইবান্ধা-৪ আসনের এমপি অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু, জেলা শিবিরের সভাপতি মো. ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি মো. ফাহিম মণ্ডলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে আসা নেতাকর্মীরা গাইবান্ধা ত্যাগ করেন।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটার বোনারপাড়া চারমাথা এলাকায় বিএনপির বহিষ্কৃত নেতা মুকুল ও তার কয়েকজন সঙ্গী ছুরিকাঘাতে খুন হন সাইফুল্লাহ বারী। সেই মামলায় প্রধান আসামি মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আরও পড়ুন

×