ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

বিশ্বনাথে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ

বিশ্বনাথে ভাড়াটিয়াকে ৮ দিন আটকে রেখে ধর্ষণ
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ০৮:৪৬

| প্রিন্ট সংস্করণ

সিএনজিচালিত অটোরিকশা যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার মধ্যেই সিলেটের বিশ্বনাথে ৫০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী গতকাল শুক্রবার থানায় মামলা করলে পুলিশ নুর উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। এদিন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পাঁচ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে ও পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণচেষ্টার মামলায় জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

কৌশলে পালিয়ে বাঁচলেন নারী
বিশ্বনাথ থানায় ধর্ষণের মামলায় গ্রেপ্তার নুর উদ্দিন পৌর শহরের পার্শ্ববর্তী জানাইয়া পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। পৌর এলাকার একটি মহল্লায় কলোনি তৈরি করে ভাড়া দেন তিনি। সেখানে ভাড়ায় থাকতেন ভুক্তভোগী নারী। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৩ জুলাই কাজের কথা বলে নিজ বাড়িতে নিয়ে যান নুর উদ্দিন। পরে ভয়ভীতি দেখিয়ে ১০ জুলাই পর্যন্ত আট দিন আটকে রেখে ধর্ষণ করেন। গত ১০ জুলাই ওই নারী কৌশলে পালিয়ে আসেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হয়ে গতকাল শুক্রবার বিশ্বনাথ থানায় এসে ধর্ষণের মামলা করেন।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন, ভুক্তভোগী নারীকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় হওয়া মামলার আসামি নুর উদ্দিনকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে।

লোভ দেখিয়ে ধর্ষণ
ব্রাহ্মণবাড়িয়া কসবায় পাঁচ বছরের শিশুকে চিপস ও জুসের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পৌর শহরের কল্যাণ সাগর দিঘির পূর্ব পাড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 
ভুক্তভোগী শিশুটির বাবা-মা কাজের জন্য গতকাল সকালে বাইরে যান। এই সুযোগে বেলা ১১টার দিকে শিশুটিকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাঁকে পিটিয়ে গাছে বেঁধে রাখে। পুলিশে সংবাদ দেওয়া হলে তারা থানায় নিয়ে যান। 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, সংবাদ পাওয়া মাত্রই পুলিশের একটি দল ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাঁর মায়ের মামলায় ওই কিশোরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

নারীর মামলায় গ্রেপ্তার
পটুয়াখালীর মির্জাগঞ্জে ধর্ষণচেষ্টার মামলায় জামায়াতে ইসলামীর নেতা মো. মোস্তাফিজুর রহমান মাহাবুবকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর চৈতা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। তিনি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ও পেশায় পল্লীচিকিৎসক। 
স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী নারীর পারিবারিক সমস্যার জন্য মাহাবুবের কাছ থেকে তাবিজ নিতে আসতেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভাতিজার জন্য তাবিজ আনতে গেলে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান মাহবুব। এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাঁকে আটকে রাখেন। 
মির্জাগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামান জানান, এ বিষয়ে ভুক্তভোগী নারী থানায় ধর্ষণচেষ্টার মামলা করেছেন। আসামি মোস্তাফিজুর রহমান মাহাবুবকে গ্রেপ্তার করা হয়েছে।
(তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট প্রতিনিধি)
 

আরও পড়ুন

×