ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

রামগতিতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি

রামগতিতে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি
×

বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি। গত শুক্রবার বিকেলে রামগতির বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর তীর রক্ষা বেড়িবাঁধ এলাকায় সমকাল

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৮:২৭

| প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীর নির্মাণাধীন তীর সংরক্ষণ বাঁধ ধসে লোকালয়ে জোয়ারের পানি ঢুকছে। অতিভারী বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের প্রবল চাপে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। অতিদ্রুত বাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন তারা।

মেঘনা নদীতে অস্বাভাবিক জোয়ারে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে উপজেলার বড়খেরীর বেড়িবাঁধ বিচ্ছিন্ন হয়ে গেছে। নির্মাণাধীন এ বাঁধ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বাঁধটি ক্ষতিগ্রস্ত হওয়ায় আশপাশের এলাকাও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলছে, পরিস্থিতি মোকাবিলায় নির্মাণাধীন বাঁধের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হবে।
বড়খেরী ইউনিয়নের রঘুনাথপুর তীর রক্ষা বেড়িবাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, নদীর তীর রক্ষা বাঁধের সিসি ব্লক না থাকায় মাটি সরে গিয়ে ৪০-৫০ ফিট বাঁধ ভেঙে গেছে। সেখান থেকে লোকালয়ে পানি ঢুকছে। বড়খেরী বেড়িবাঁধ এলাকার প্রান্ত মজুমদার জানান, নদীতে প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বেড়িবাঁধটির কয়েকটি জায়গায় নিচ থেকে মাটি সরে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এর আগেও এ স্থানের বাঁধটি দেবে গিয়েছিল, কিন্তু এত দিনেও তা ঠিক করা হয়নি। এখন তা ভেঙে অনেক ক্ষতি হয়েছে। 
বেড়িবাঁধের কয়েক জায়গায় ধস ও গর্তের সৃষ্টি হওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে জানিয়ে ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, ‘আশা করি পানি উন্নয়ন বোর্ড দ্রুত ব্যবস্থা নেবে।’ এ বিষয়ে বড়খেরীর এ অংশে দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলী আ ম ম নঈম বলেন, ‘এলাকাগুলো আমরা সরেজমিনে পরিদর্শন করব। দ্রুত বাঁধের কাজ পুরোপুরি শেষ হলে আগামীতে লোকালয়ে আর পানি প্রবেশ করার সম্ভাবনা থাকবে না।’
লক্ষ্মীপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী নাহিদ-উজ-জামান খান বলেন, নদীতে তীব্র ঢেউয়ের আঘাতে এমনটা হয়েছে। জরুরিভাবে বাঁধটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×