ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

পুলিশের ওপর হামলায় দুই মামলা গ্রেপ্তার ১১

পুলিশের ওপর হামলায় দুই মামলা গ্রেপ্তার ১১
×

সুজানগর থানার সামনে গতকাল পুলিশের ওপর হামলায় গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনের ভিড় সমকাল

পাবনা অফিস

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ০৮:২৯

| প্রিন্ট সংস্করণ

পাবনার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা এবং আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ছাড়া হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। তবে পুলিশ আসামিদের নাম প্রকাশ করেনি।

পাবনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। বিকেল সাড়ে ৫টার দিকে তাদের আদালতে পাঠানো হয়। 
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে সুজানগর পৌরসভার মথুরাপুর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের দাবি, সেখানে নাশকতার পরিকল্পনার তথ্যের ভিত্তিতে কয়েকজনকে আটক করা হয়। এক পর্যায়ে আটককৃতদের ছাড়িয়ে নিতে ওই গ্রামের একাধিক মসজিদে মাইকিং করা হয়। এ সময় শত শত গ্রামবাসী ছুটে এসে পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছাড়িয়ে নেয়। হামলায় সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ হোসেন আহত হন। আহত ওসি মোজাফফর হোসেনকে প্রথমে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গতকাল দুপুরে ঢাকায় পাঠানো হয়।

এলাকাবাসী জানান, পাবনার সুজানগরে আওয়ামী অধ্যুষিত মথুরাপুর গ্রামের পূর্বপাড়ার লোকজন বড় পর্দায় বিশ্বকাপ (আর্জেন্টিনা-ইংল্যান্ড) ফুটবল খেলা দেখা শেষে প্রীতিভোজ করছিল। এ সময় পুলিশ সেখান থেকে ৮-১০ জনকে আটক করে। উপস্থিত অন্য লোকজন আটককৃতদের নিরপরাধ দাবি করে ছেড়ে দিতে পুলিশকে অনুরোধ জানান। কিন্তু পুলিশ তাদের ছেড়ে দেয়নি। এরপর মাইকিং করা হলে হামলার ঘটনা ঘটে।

আরও পড়ুন

×