চুরির অপবাদে ‘গণপিটুনি’, যুবক নিহত
প্রতীকী ছবি
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২০:২৩
নেত্রকোনার কেন্দুয়ায় চুরির অপবাদে গণপিটুনিতে ইমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের আমতলা পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা নূরুল ইসলাম বাদী হয়ে আজ রোববার কেন্দুয়া থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনের বিরুদ্ধে এলাকায় চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। শনিবার সকালে গ্রামবাসী তাকে আটক করে চুরির অপবাদে মারধর করেন। পরে তিনি মারা যান।
নিহতের বাবা নূরুল ইসলাম বলেন, তাঁর চার ছেলের মধ্যে ইমন বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন বলে এলাকায় অভিযোগ ছিল। তিনি প্রায় দুই বছর ধরে ছেলের সঙ্গে কথা বলেন না এবং বাড়িতেও থাকেন না। সিলেটের গোয়ালাবাজার এলাকায় একটি দোকানে চাকরি করেন তিনি।
নূরুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল ১১টার দিকে ফোনে জানতে পারি, চুরির অভিযোগে কে বা কারা আমার ছেলেকে মারধর করেছে। রাত ৮টার দিকে বাড়িতে এসে শুনি, ইমন মারা গেছে। সে মারধরে মারা গেছে, নাকি স্ট্রোক করে—এ বিষয়ে আমি নিশ্চিত নই। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছি।’
স্থানীয় ইউপি সদস্য নূরে আলম কাজল বলেন, চুরির অভিযোগে ইমনকে গ্রামের লোকজন আটক করে মারধর করেছেন বলে শুনেছেন। তবে স্থানীয়দের কেউ কেউ বলছেন, ইমন স্ট্রোক করে মারা গেছেন। তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল।
কেন্দুয়া থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, ‘চুরির অপবাদ দিয়ে ইমন নামের এক যুবককে আটক করে মারধরের অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তাঁর বাবা অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর ইমনের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
- বিষয় :
- নেত্রকোনা
- চুরির অভিযোগ
- গণপিটুনি
- নিহত