ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা, গ্রেপ্তার ১

আইনজীবী জেড আই খান পান্নার মেয়ের ওপর বরিশালে হামলা, গ্রেপ্তার ১
×

প্রতীকী ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২১:৫১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২১:৫৯

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জহিরুল ইসলাম (জেড আই) খান পান্নার মেয়ে নাদীমা মোহম্মদি খান (৩৯) বরিশালে হামলার শিকার হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৭টার দিকে নগরীর সদর রোড পৈতৃক বাড়িতে তার ওপর হামলা হয়। হামলায় জড়িত থাকার অভিযোগে চাঁদনী নামক একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। আহত নাদীমা পাঁচজনের নামোল্লেখ ও অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালী থানায় মামলা করেছেন। 

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নাদীমার চাচা নজরুল ইসলাম খানের উস্কানীতে এ হামলা হয়। মামলায় নজরুল ছাড়াও একই এলাকার রেজাউল ইসলাম সাব্বির ও নাহিদুল ইসলাম রাজু, রাজুর স্ত্রী তাজনিয়া চাঁদনী ও সাইফুল্লাহ খান লাবুকে আসামি করা হয়েছে। পুলিশ চাঁদনীকে গ্রেপ্তার করেছে। 

নাদিমা জানান, বাবাসহ তাদের পরিবার সবাই রাজধানীতে থাকেন। প্রায়ই তিনি বরিশালের দাদা বাড়িতে বেড়াতে যান। গতকাল শনিবার রাতে চাচাতো বোন শাফিনাজ জেরিন খানকে সঙ্গে নিয়ে যান। এরপরই আসামিরা এসে তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে চাচা নজরুল খুন করার হুমকি দেন। অন্যান্য আসামিরা তাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করেছে। হামলাকারীরা তার গলায় থাকা দেড় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে গেছে। তার (নাদিমা) চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়। পরে তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়েছেন। 

নাদিমা অভিযোগ করেন, তার চাচা নজরুল মাদকাসক্ত। পৈতৃক সম্পত্তির অংশ সে অন্যের কাছে বিক্রি করে দিয়েছেন। অন্য আসামিরাও তার চাচার সঙ্গে মাদক ব্যবসায় সম্পৃক্ত। তাদের নিয়ে বাড়ির মধ্যে মাদকের আসর বসানো হয়। সম্পত্তি থেকে উচ্ছেদ করার জন্য আসামিরা তার কাছে অনেক আগে থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে হামলার ঘটনা ঘটে। 

বরিশাল কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, হামলার শিকার নাদীমা থানায় অভিযোগ দেওয়ার পর সেটি এজাহাররভুক্ত করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি চাঁদনীকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, অ্যাডভোকেট জেড আই খান পান্নার পরিবার বরিশালে সম্ভ্রান্ত পরিবার হিসাবে পরিচিত। তার দাদা খান বাহাদুর হাসেম আলী খান ব্রিটিশ সরকারের শিক্ষামন্ত্রী ছিলেন। বাবা নুরুল ইসলাম খান ছিলেন পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য। মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার লড়াইয়ে পান্না দেশে সুপরিচিত একজন আইনজীবী।

আরও পড়ুন

×