ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বাড়ি ফেরার পথে সব খোয়ালেন প্রবাসী

বাড়ি ফেরার পথে সব খোয়ালেন প্রবাসী
×

কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ০৮:১৩

| প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়কে ডাকাতির শিকার হয়েছেন মালয়েশিয়া ফেরত এক ব্যক্তি। গতকাল বুধবার ভোরে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের কুশোকুড়ি মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। ডাকাতেরা সড়কে গাছ ফেলে প্রাইভেটকারের গতিরোধ করে লুটপাট চালায়। 

এর আগে গত শুক্রবার রাতে কোটচাঁদপুর-জালালপুর সড়কের রঘুনাথপুর এলাকায় দুর্বৃত্তরা খুচরা তরকারী ব্যবসায়ী সরোয়ার উদ্দিনের (৬৯) টাকা-পয়সা ছিনিয়ে নেয়। এ ঘটনার আগের ১৫ দিনে এমন ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে আরও চারটি।

গতকালের ভুক্তভোগী মাজেদুল ইসলাম বাশির (৩২) উপজেলার দোড়া গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মালয়েশিয়া থাকেন। পরিবারের বরাতে পুলিশ জানায়, বাশির মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামেন। সেখান থেকে একটি ব্যক্তিগত গাড়ি (ঢাকা মেট্রো খ-২৯-৭০১৯) ভাড়া করে কোটচাঁদপুরের দোড়া গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথে গতকাল ভোররাতে কোটচাঁদপুর-সাবদারপুর সড়কের পুলিশ বক্সের অদূরে কুশোকুড়ি মাঠ এলাকায় ডাকাতের কবলে পড়েন। 
দুর্বৃত্তরা গাড়িতে থাকা লোকজনের গলায় ধারালো অস্ত্র ধরে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি মোবাইল ফোন, কয়েকটি স্বর্ণের আংটি, তিন জোড়া স্বর্ণের কানের দুল, একটি রুপার ব্রেসলেট, পাঁচ হাজার পাঁচশত মালয়েশিয়ান রিংগিত লুটে নেয়। মাজেদুল ইসলামের ভাষ্য, লুট হওয়া রিংগিতের বাংলাদেশি দর এক লাখ ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর ছয় লাখ একাত্তর হাজার টাকার মালপত্র লুট গেছে। এ বিষয়ে তিনি থানায় মামলা করবেন।
সংবাদ পেয়ে গতকাল বুধবার সকালে কুশোকুড়ি মাঠ এলাকা পরিদর্শন করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর-মহেশপুর সার্কেল) সায়েম ইউসুফ, কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক। এ বিষয়ে এএসপি সায়েম ইউসুফ কোনো মন্তব্য করেননি। পরিদর্শক (তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, তারা এমন ঘটনা সামলাতে কাজ করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির সাম্প্রতি অবনতি নিয়ে প্রশ্ন করলে জবাব না দিয়ে সবার সহায়তা চান তিনি। 

আরও পড়ুন

×