মহেশপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি
ছবি- সমকাল
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১০:১৩ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ | ১০:১৯
ঝিনাইদহের মহেশপুরের সামন্তা সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। তবে ওই নারী-পুরুষরা এখনও সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
শুক্রবার ভোর ৫টার দিকে সামন্তা সীমান্তের মেইন পিলার ৫৫ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ঝিনাইদহ ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গা মোড়া ক্যাম্পের সদস্যরা সীমান্ত গেট খুলে চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিষয়টি বিজিবির নজরে এলে সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের প্রবেশে বাধা দেয়। পরে ওই ছয়জনকে সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করতে দেখা যায়।
তিনি আরও জানান, বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে অবহিত করা হয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।