ঘুষ নেওয়ার সময় ভূমি কর্মকর্তা বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার
উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখ। ভিডিও থেকে নেওয়া
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ২২:৪৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ‘খ’ ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা ইমরান শেখের বিরুদ্ধে সেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। চেয়ারে বসে টাকা গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আজ রোববার বিকেলে দুই মিনিট ২২ সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, সাতৈর ইউনিয়নের এক সেবাগ্রহীতার কাছ থেকে অফিসের চেয়ারে বসে টাকা নিচ্ছেন ইমরান শেখ। এ সময় তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্পর্কেও মন্তব্য করেন।
ভিডিওতে ইমরান শেখকে বলতে শোনা যায়, ‘উনিও চল্লিশতম বিসিএস, আমিও চল্লিশতম বিসিএস। উনার কপাল ভালো, উনি ক্যাডার হয়েছেন, আর আমি নন-ক্যাডার হয়েছি।’
তবে এ বিষয়ে জানতে চাইলে ইমরান শেখ দাবি করেন, ভিডিওতে যে টাকা নেওয়া হয়েছে, তা ঘুষের টাকা নয়; ধারের টাকা ফেরত নেওয়ার সময়ের দৃশ্য। তিনি বলেন, অনেক মানুষ তাঁর কাছ থেকে টাকা ধার নেন, পরে তা ফেরত দেন। ওই টাকা ফেরত নেওয়ার সময় ভিডিওটি ধারণ করা হয়েছে।
তবে কার কাছ থেকে তিনি টাকা ধার দিয়েছিলেন এবং ভিডিওতে টাকা ফেরত দেওয়া ব্যক্তির পরিচয় কী—এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি তিনি।
এ বিষয়ে বক্তব্য জানতে বোয়ালমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদের মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি।
বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, এর আগে তিনি সরেজমিনে ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে ইমরান শেখকে না পেয়ে শোকজ করেছিলেন। টাকা নেওয়ার অভিযোগ সত্য প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।