ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

গুনে গুনে টাকা নেওয়া সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত
×

ছবি- ভিডিও থেকে নেওয়া।

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৮:৫৯

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় চেয়ারে বসে ঘুষের টাকা গুনে নেওয়া সেই ভূমি কর্মকর্তা মো. ইমরান শেখকে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক মাজহারুল ইসলামের স্বাক্ষরিত অফিস আদেশে রোববার থেকেই বরখাস্তের আদেশ কার্যকর করা হয়। এর আগে সাতৈর-খ ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা ইমরান নিজ চেয়ারে বসে ঘুষের টাকা গুনে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন এ ব্যবস্থা নেয়।

ইমরান শেখ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের বাসিন্দা।

অফিস আদেশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (ঘ) ধারায় অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে একই বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী মো. ইমরান শেখকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। 

রোববার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, তহশিলদার ইমরান শেখ একজন সেবাগ্রহীতার কাছ থেকে ৫০০ টাকার ১০টি নোট গ্রহণ করে তা গুনে নিচ্ছেন। ভিডিওতে তাকে হাস্যোজ্জ্বল অবস্থায়ও দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলে জেলা প্রশাসন দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে।

তবে ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে ইমরান শেখ দাবি করেন, ভিডিওতে দেখা অর্থ ঘুষ নয়, ধার দেওয়া টাকা ফেরত নেওয়ার দৃশ্য। তিনি বলেন, তার এক খালাতো ভাই সাতৈর বাজারে ব্যবসা করেন এবং ব্যবসায়িক প্রয়োজনে তার কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা ফেরত দেওয়ার সময় কেউ ভিডিও ধারণ করে। এছাড়া ভিডিওটি কয়েক মাস আগের বলে দাবি করেন তিনি।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর জেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে বিধি অনুযায়ী পরবর্তী আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×