ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নাতিকে মারধর, বাঁচাতে গিয়ে পিটুনিতে দাদা নিহত

চুরির অপবাদে খুঁটিতে বেঁধে নাতিকে মারধর, বাঁচাতে গিয়ে পিটুনিতে দাদা নিহত
×

প্রতীকী ছবি

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ১৯:২০

ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল চুরির অপবাদে নাতিকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে পিটুনিতে মো. নবী হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার আটপাড়া গ্রামের বাদল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে দক্ষিণ গফরগাঁওয়ের পাগলা থানার হাটপাড়া গ্রামের রাবিন নামে এক যুবকের মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে রোববার রাতে একই গ্রামের রানা (২০) নামে এক যুবককে বাড়ি থেকে ধরে নিয়ে আসেন স্থানীয় কয়েকজন। পরে আটপাড়া গ্রামের বাদল মার্কেটে বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুকের অফিসে সালিশ বসানো হয়।

সালিশ চলাকালে রানাকে একটি খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। নাতির চিৎকার শুনে তাকে রক্ষা করতে এগিয়ে যান দাদা নবী হোসেন। এ সময় কয়েকজন উত্তেজিত হয়ে তাকেও চোর আখ্যা দিয়ে কিল-ঘুষি ও লাথি মারতে থাকেন। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা জলিল অভিযোগ করেন, মিথ্যা চুরির অভিযোগে রানাকে ধরে এনে মারধর করা হচ্ছিল। নাতিকে রক্ষা করতে গেলে তার বৃদ্ধ চাচাকেও নিষ্ঠুরভাবে মারধর করা হয়। এতে তিনি মারা যান।

অভিযোগের বিষয়ে বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুক বলেন, ঘটনাটি তার অফিসের সামনে ঘটলেও তিনি তখন সেখানে ছিলেন না। পরে খবর পেয়ে রাত ৯টার দিকে গিয়ে ছেলেটিকে উদ্ধার করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান তিনি।

পাগলা থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত বিএনপি নেতা শামছুল ইসলাম ফারুকসহ অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন

×