ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট দিয়েছে সরকার: ববি হাজ্জাজ

ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট দিয়েছে সরকার: ববি হাজ্জাজ
×

সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৫২

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, শিক্ষাকে জাতির সবচেয়ে বড় বিনিয়োগ হিসেবে বিবেচনা করে সরকার ইতিহাসের সর্বোচ্চ শিক্ষা বাজেট বরাদ্দ দিয়েছে। আগামী চার বছরে শিক্ষা খাতে বরাদ্দ জিডিপির ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। একই সঙ্গে শিক্ষাব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনতে সরকার বিভিন্ন সংস্কার উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, যুগোপযোগী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা, আধুনিক পাঠ্যক্রম, শিক্ষক প্রশিক্ষণ, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর মূল্যায়ন ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠ, লেখা ও গণিতের ভিত্তিমূলক দক্ষতা নিশ্চিত করতে নতুন মূল্যায়ন কাঠামো প্রণয়ন করা হচ্ছে। সরকারি ও বেসরকারি-সব প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি নীতিমালা ও নির্ধারিত মানদণ্ডের আওতায় পরিচালনা করা হবে। পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণ, কর্মদক্ষতা মূল্যায়ন (কেপিআই) এবং শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ধারাবাহিক কর্মশালা আয়োজন করা হচ্ছে। সম্প্রতি সিলেট বিভাগে ছয় ঘণ্টাব্যাপী এক কর্মশালায় নতুন মূল্যায়ন পদ্ধতি, শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষার মান এবং প্রশাসনিক তদারকি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ১৭ আগস্টের মধ্যে দেশের সব বিভাগে এ ধরনের কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, নতুন মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে কর্মকর্তা ও শিক্ষকদের কর্মদক্ষতা নিয়মিত পর্যালোচনা করা হবে। দায়িত্ব পালনে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থাও নেওয়া হবে।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষাভিত্তিক শিক্ষা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, এ বিষয়ে লিখিত প্রস্তাব বা তথ্য পেলে মন্ত্রণালয় তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত সংস্কার, দক্ষ প্রশাসন এবং মানসম্মত শিক্ষাদানের মাধ্যমে আগামী পাঁচ বছরে দেশের শিক্ষাঙ্গনে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন আসবে।

বিদ্যালয় পরিদর্শনের সময় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আবদুল আলিম, সিলেট বিভাগীয় উপপরিচালক (ভারপ্রাপ্ত) এ কে এম সাইফুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এবং গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×