ভবন নির্মাণে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার ৩
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৯:২৪
চট্টগ্রামের হাটহাজারীতে বহুতল ভবন নির্মাণে জসিম উদ্দিন নামের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি এবং হামলা ও ভাঙচুরের দায়ে করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী।
গ্রেপ্তার আসামিরা হলেন, সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের মৃত ইমাম হোসেনের ছেলে মো. আবু তালহা (২৬), চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার ট্যানারি বটতলের হাশেমশাহ মাদ্রাসা রোডের ইউসুফের ছেলে মো. আসিফ (২৫) ও হাটহাজারী উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীর আমান বাজার এলাকার মৃত ফরিদুল আলমের ছেলে সাইদুল ইসলাম ওরফে আরিফ (২৪)।
জানা যায়, গত সোমবার ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে চাঁদা দাবি এবং হামলা ও ভাঙচুরের অভিযোগে ৮/৯ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।
এদিকে ওই মামলা দায়ের জেরে ২০ লাখ টাকা চাঁদার পরিবর্তে ৫০ লাখ টাকা চাঁদা দাবি ও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার বেলা ১২টার দিকে হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের বড়দিঘীরপাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, একজন ব্যবসায়ীকে এভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাঁদা দাবি করা আইনশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ সমকালকে জানান, ব্যবসায়ী জসিম উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করার পর এখন পর্যন্ত তিনজন আসামিকে বায়েজিদ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ঘটনায় সরাসরি জড়িত বলে স্বীকার করেছেন। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
- বিষয় :
- গ্রেপ্তার
- চট্টগ্রাম
- চাঁদা দাবি