ক্রীড়াঙ্গনে রাজনীতি আসা উচিত না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও টাউন ক্লাব ফুটবল একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সমকাল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ২০:১৪ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ২০:৪০
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গনে একবারেই পলিটিক্স আসা উচিত নয়। দুর্ভাগ্যজনকভাবে এক সময় খেলাধুলাতেও ভীষণভাবে রাজনীতি আনা হয়েছিল। যার ফলে ভালো, মেধাবী খেলোয়াড়রা কষ্ট পেয়েছে তারা এগোতে পারেনি।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও টাউন ক্লাব ফুটবল একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সমাজে ভয়াবহ ভাবে বিভীষিকা হয়ে দেখা দিয়েছে মাদক। এটাকে ঠেকানোর জন্য সবচেয়ে বড় রাস্তা হচ্ছে খেলাধুলা। আমাদের ছেলেরা যদি মাঠে আসে খেলাধুলা করে তাহলে এটাকে প্রতিরোধ করা সম্ভব হবে। সকলের কাছে আমার অনুরোধ সবাই মাঠে আসবে মাদককে না বলবে, বন্ধুবান্ধবসহ সকলকে মাদক থেকে দূরে থাকতে বলবে। ঠাকুরগাঁও নিয়ে আমি গর্ববোধ করি যখন বলে জাতীয় দলে দুইটা বা তিনটা মেয়ে খেলছে।
মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার প্রধান তারেক রহমান স্কুলের শিশুদের নিয়ে নতুন কুঁড়ি খেলাধুলার শুরু করেছেন। সমস্ত স্কুলগুলোর মধ্যে কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনের মধ্যে যারা ভালো করছে তারা পুরস্কার পাচ্ছে।
এ সময় তিনি বলেন, আমি যখন অনুষ্ঠানে প্রবেশ করছিলাম দেখি খুদে খেলোয়াড়রা জার্সি পরে বসে আছে এটা ভালোলাগার একটা দৃশ্য। যা আমাকে মুগ্ধ করেছে।
ক্ষুদে খেলোয়াড়দের উদ্দেশ্য করে মির্জা ফখরুল বলেন, তোমরা এবার ওয়ার্ল্ড কাপ কে কে দেখেছ? আর্জেন্টিনার সমর্থক কারা ছিলেন? ব্রাজিলের সমর্থক কারা ছিল? আমিও ব্রাজিলের সমর্থক ছিলাম হেরে গেছি তবে স্পেন ভালো খেলেছে। খুব ভালো খেলেছে ইরান, সাউথ কোরিয়া। আমরা যতদিন ভালো থাকবো, সুস্থ থাকবো খেলাধুলা কে প্রমোট করার চেষ্টা করব।
পরে মির্জা ফখরুল শিক্ষার্থীদের মাঝে জার্সি ও ফুটবল বিতরণ করে বেলুন উড়িয়ে ফুটবল একাডেমির কার্যক্রম উদ্বোধন করেন। সেই সঙ্গে খেলাধুলা পরিচালনার জন্য একাডেমিকে নগদ এক লাখ টাকা দেন।
- বিষয় :
- মির্জা ফখরুল ইসলাম আলমগীর