পাবনায় স্কুল শিক্ষিকাকে হত্যার অভিযোগ, মরদেহ মিলল ট্যাংকিতে
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৬:৫৮ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ১৭:০২
পাবনার আটঘরিয়া উপজেলায় গীতা রানী (৪৫) নামে এক স্কুল শিক্ষিকাকে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া গ্রামের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত গীতা রানী ওই গ্রামের বাসিন্দা এবং নন্দ দাসের স্ত্রী। তিনি চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গীতা রানী বাড়িতে একাই থাকতেন। তার স্বামী ঢাকায় থাকেন। তাদের কোনো সন্তান ছিল না। স্থানীয়দের দাবি, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা সিঁধ কেটে ঘরে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে গীতা রানীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পরে তাকে হত্যা করে বাড়ির পাশের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকিতে মরদেহ ফেলে রাখা হয়।
বৃহস্পতিবার সকালে গীতা রানীকে খুঁজতে গিয়ে স্থানীয়রা টয়লেটের ট্যাংকির ভেতরে তার মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ যেয়ে মরদেহ উদ্ধার করে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যার সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।