ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বরিশাল সিটির সাড়ে ৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা

বরিশাল সিটির সাড়ে ৬০০ কোটি টাকার বাজেট ঘোষণা
×

ফাইল ছবি

বরিশাল ব্যুরো

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ২১:৫৫

২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেছে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি)। বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে ৬৪৭ কোটি ৫৩ লাখ ৮৫ হাজার ৩০৯ টাকার বাজেট ঘোষণা করেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

গত ১৬ মার্চ প্রশাসকের দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম বাজেট। এই বাজেটে আয় বৃদ্ধিতে নতুন কোনো আরোপ রাখা হয়নি। বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, ব্যয় সংকোচন, অপচয় ও দুর্নীতি প্রতিরোধের মাধ্যমে সস্পদের সদ্ব্যবহার করা হবে।

বাজেট ঘোষণায় তিনি বলেন, তাঁর দায়িত্ব গ্রহণে পর চার মাসে সাড়ে ৯ কিলোমিটার সিসি ও সাড়ে চার কিলোমিটার আরসিসি সড়ক ও সাড়ে ১৬ কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়েছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও বিনোদন কেন্দ্রগুলো থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। 

বিলকিস আক্তার জাহান শিরিন আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, নারী ও শিশুবান্ধব স্মার্ট মহানগরী গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন তিনি। এ জন্য নগরবাসীর সর্বাত্মক সহায়তা কামনা করেন।

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটে উন্নয়ন খাতে অনুদানের কথা উল্লেখ করা হয়েছে ৪৪৮ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার ২২৪ কোটি টাকা। উন্নয়ন খাতের পর সবচেয়ে বেশি ব্যয় ধরা হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে, ৩০ কোটি ৯৭ লাখ দুই হাজার ৩৫০ টাকা। সবচেয়ে কম ব্যয় শিক্ষা খাতে ৬১ লাখ টাকা। এ ছাড়া স্বাস্থ্য খাতে ব্যয় ধারা হয়েছে সাত কোটি ৯৫ লাখ টাকা। এ অর্থবছর থেকে নারী ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধের ব্যবস্থা করার উল্লেখ করা হয় এতে।

প্রস্তাবিত বাজেটে উল্লিখিত গুরুত্বপূর্ণ উন্নয়নগুলো হচ্ছে– হরিজন সম্প্রদায়ের জন্য দুটি ছয় তলা ভবন নির্মাণ, একটি ইকো পার্ক নির্মাণ, আধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানা নির্মাণ, ৩০টি ওয়ার্ডে একটি করে খেলার মাঠ উন্নয়ন, পানির এটিএম বুথ স্থাপন, কর্মজীবী মহিলা হোস্টেল নির্মাণ। এসব উন্নয়নের বেশির ভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী বরাবরে ডিও লেটার দেওয়া হয়েছে বলেও এ সময় জানানো হয়।

একই সঙ্গে বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেছেন। এতে ব্যয় দেখানো হয়েছে ৪৬২ কোটি ৯৬ লাখ ২২ হাজার ৮৩৬ টাকা। ওই অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ৫২০ কোটি ৮৬ লাখ ১৬ হাজার ৯২৮ টাকা। এ হিসাবে গতবছর প্রস্তাবিত বাজেটের ৮৮ দশমিক ৮৬ ভাগ বাস্তবায়ন হয়েছে।

আরও পড়ুন

×