আইন সংস্কার কমিশনের প্রস্তাব জুলাই সনদের আলোকে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ ও শৈলকুপা প্রতিনিধি
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২০:৫৩
অন্তর্বর্তী সরকারের সময় গঠিত আইন সংস্কার কমিশনের প্রস্তাব ‘জুলাই সনদের’ আলোকে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
আইনমন্ত্রী বলেন, ‘আইন সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকেই ১৩৩টি অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের সময় জারি করা হয়। এর মধ্য থেকে প্রায় সবগুলোই গ্রহণ করেছি। যেগুলো বাকি আছে আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেবে বা বাস্তবায়ন করবে।’
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতিসহ ১১১ জনের বিরুদ্ধে মামলার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আদালত, আইন, পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণ হতো তাহলে মামলাই হতো না। মামলা একটা হয়েছে, তার যথাযথ তদন্ত হবে। আর যারা দোষী তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের জায়গা থেকে আইনসঙ্গত যতটুকু করা সম্ভব তা করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে শহরে একটি বর্ণাঢ্য র্যা লি বের করা হয়। সেখানে অতিথিরাও অংশ নেন।
চব্বিশের গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘উনি বলছেন যে নিজেই আসবেন, নিজে আসলে তো ভালো। বাংলাদেশে আসবেন, আইনের কাছে নিজেকে সোপর্দ করবেন এবং আইন সঙ্গতভাবেই তাঁকে ডিল করা হবে। আইনের ব্যত্যয় ঘটিয়ে আমরা কোনো কিছু করব না।’
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেন, ‘আমাদের বিরোধী পক্ষ যারা আছেন আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী যত আন্তরিক সেখান থেকে তাদের অনেক কিছু শেখার আছে। এনসিপি বিশেষ করে আমাদের নেতাকর্মী, আইনমন্ত্রীকে নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তাঁর নেতাকর্মীরা, হাসনাত আবদুল্লাহরা একের পর গালাগাল করেছে। এটা ঝিনাইদহ জেলাবাসী সহ্য করবে না। আমি আপনাদের বলব, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো যারা রয়েছে তাদের নিয়ে বিভিন্ন জেলায় যাবেন আর মনে করবেন যে সেখানকার যারা ভোটার, জনগণ সংক্ষুব্ধ হবে না সেটি কিন্তু হতে পারে না। এনসিপিকে বলব যেখানেই যাবেন নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ রেখে যান তাহলে বিএনপির পক্ষ থেকে সহযোগিতা করব।’
সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, পেটানোর জন্য নয়
এদিকে শুক্রবার বেলা ১১টার দিকে ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজারে রাজনৈতিক নেতা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে এসেছে, পেটানোর জন্য নয়। তিনি বলেন, অনেকেই মনে করছেন সরকার কেন আওয়ামী লীগকে পেটাচ্ছে না? সরকার এসেছে আইনের শাসন প্রতিষ্ঠা করতে, পেটানোর জন্য নয়। যারা দুর্নীতি করেছেন, যারা খুনের সঙ্গে জড়িত, যারা মাফিয়া করেছেন, তারা যতই গা ঢাকা দেন না কেন তারা আইনের হাত থেকে মাফ পাবেন এটা ভাববেন না।
- বিষয় :
- ঝিনাইদহ
- আইনমন্ত্রী
- জুলাই সনদ