ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদে থাকবেন না: নাটোরে রিজভী

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদে থাকবেন না: নাটোরে রিজভী
×

ছবি: সমকাল

নাটোর সংবাদদাতা

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২২:৪২

প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহম্মেদ বলেছেন, কোনোভাবে যদি পরাজিত শক্তির উত্থান হয়– কেউ কিন্তু স্থির থাকতে পারবেন না। কেউ নিরাপদে থাকতে পারবেন না। যারা পরিকল্পিত সন্ত্রাসের আবহ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, তা করতে পারবেন না। বরং ঘোলা পানির মধ্যে আপনেরাও পড়ে যাবেন। আপনারা যা মনে করছেন যে শুধু বিএনপিই খাদে পড়বে। না, শুধু বিএনপিই না– আপনারাও বিপদে পড়বেন।  এগুলো বাদ দিয়ে  আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহবান জানান তিনি।

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে শুক্রবার বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজ। জেলা জিয়া পরিষদের সভাপতি উপাধ্যক্ষ আহমুদুল হক চৌধুরী স্বপনের সঞ্চালনায় কবি কাজি নজরুল ইসলামের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন বিশিষ্ট নজরুল গবেষক চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ ও মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম, জেলা পরিষদের প্রধান নির্বাহী পারভেজুর রহমান ও জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় রিজভী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই কবি কাজী নজরুল ইসলামকে ১৯৭৬সালে দেশে এনে নাগরিকত্ব দিয়েছিলেন। তিনি বলেন, ১৯৪৭, ১৯৭১ এমনকি ২০২৪এর আন্দোলনে নজরুলের গানেই জাতি জেগে উঠেছে। শুধু শহর নয়, প্রতিটি গ্রাম গঞ্জে নজরুলের আর্দশ ছড়িয়ে দিতে হবে। তিনি বলেন, নজরুল শুধু বিদ্রোহী কবি নয়, তিনি যেমন খোদা ভিরু কবি তেমনি প্রেমের কবি। তিনি হিন্দু মুসলিম সকলের কবি। তিনি শ্যামা সঙ্গীত লেখার পাশাপাশি ইসলামী সঙ্গীতও রচনা করেছেন।

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ফ্যাসিষ্ট সরকার যদি আবার আসে, আমরা কেউ ঘরে থাকতে পারবোনা। ফ্যাসিষ্ট আসলে দেশের গনতন্ত্র আবার বিপন্ন হবে। তাই সকল নেতাকর্মিদের সজাগ থেকে তাদের প্রতিহত করার আহবান জানান তিনি।

রুহুল কবির রিজভী  অনুষ্ঠানের আগে নাটোর চিনিকল পরিদর্শন করেন। এ সব কোন কর্মকর্তা উপস্থিত না থাকায় দুজন ক্যাশিয়ার ও সিবিএ সাধারণ সস্পাদক তাকে চিনিকলে স্বাগত জানান।

আরও পড়ুন

×