ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কোম্পানীগঞ্জে নাসীরুদ্দীন

শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মাত্রই ফাঁসির রায় কার্যকর হবে

শেখ হাসিনা বাংলাদেশে পা রাখা মাত্রই ফাঁসির  রায় কার্যকর হবে
×

সিলেটের কোম্পানীগঞ্জে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার অনুষ্ঠিত সমাবেশে দলটির নেতাকর্মীরা সমকাল

 সিলেট ব্যুরো

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

​সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনা বাংলাদেশের যে কোনো স্থানে পা রাখা মাত্রই তাঁর বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল ​শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
​শেখ হাসিনার সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি ভারতের দিল্লিতে অবস্থান করছেন এবং সেখান থেকেই নানা রাজনৈতিক তৎপরতা চালাচ্ছেন। ওইখানে বসে বসে রাজনীতি করে ধমক দেন, ‘আমি কিন্তু আসব!’ আসেন না, কই আসবেন?

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সদস্য ডা. মাহমুদা মিতুসহ সিলেট জেলা ও মহানগর এনসিপির শীর্ষ নেতারা বক্তব্য দেন।
নাসীরুদ্দীন বলেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে বড় ধরনের রাজনৈতিক মূল্য দিতে হবে। 
সারজিস আলম বলেন, ক্ষমতায় থাকা যে কোনো দল বা ব্যক্তির অনিয়মের বিরুদ্ধে কথা বলেই যাব। প্রধানমন্ত্রী, মন্ত্রী কিংবা এমপি– যিনি যে কাজ করবেন, সেটা যদি সমালোচনার হয় আমরা সমালোচনা করবই। বিএনপির উদ্দেশে তিনি বলেন, বিএনপির মধ্যে ক্ষমতার অপব্যবহারকারী অংশের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে তাঁর বিরুদ্ধেও সমালোচনা করা হবে।
দলের যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, আমরা চাই, দেশে এমন একটা পরিবর্তন আসুক, যেই পরিবর্তনে পুলিশ নিজের মতো কাজ করতে পারে, কোনো দলের হয়ে কাজ না করে। বিভিন্ন সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় পুলিশ প্রতিবাদ না করায় ক্ষোভ প্রকাশ করে মিতু বলেন, তারা তো হুকুমের গোলাম হয়ে যান। 

ফের হামলার অভিযোগ
​সিলেটে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা’ শেষে ফের হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে জৈন্তাপুরে এই হামলা চালানো হয় এবং এতে দুজন আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। 

​এদিন কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। ​দলটি অভিযোগ করেছে রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষ করে  নেতারা গাড়িবহর নিয়ে ফিরছিলেন। সে সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে অভিযোগ করা হয়, জৈন্তাপুরে পদযাত্রা শেষে ফেরার পথে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়েছে। হামলাকারীরা গাড়ির কাচ ভাঙচুর করলে এতে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন আহত হন। স্ট্যাটাসের সঙ্গে যুক্ত একটি ভিডিওতে একটি মাইক্রোবাসের ভাঙা কাচ এবং ভেতরে একজনের হাত থেকে রক্তক্ষরণ হতে দেখা যায়।
​তবে এই অভিযোগ নাকচ করে জৈন্তাপুর থানার ওসি মাহবুবুল আলম মোল্লা বলেন,​ ‘এ রকম কিছুই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদে জৈন্তাপুর ত্যাগ করেছেন। পুরো পথে তাদের সঙ্গে পুলিশি নিরাপত্তাবেষ্টনী ছিল। তাছাড়া তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল এবং রাস্তায় কোনো সাধারণ মানুষ ছিল না।’
শাহপরাণ থানার ওসি জানান, এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এনসিপি নেতারা নিরাপদে সিলেট সার্কিট হাউসে অবস্থান করছেন। এ ছাড়া সিলেট জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। নেতাদের আগে-পেছনে সার্বক্ষণিক পুলিশের গাড়ি রয়েছে। জেলা পুলিশের সীমানার মধ্যে কোনো হামলার ঘটনা ঘটেনি।’

আরও পড়ুন

×