ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কে আত্মীয় সম্মেলন

আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী  পার্কে আত্মীয় সম্মেলন
×

কুষ্টিয়ার কুমারখালীতে শুক্রবার শিশুদের হাতে উপহর তুলে দেন অতিথিরা সমকাল

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৮:৩৪

| প্রিন্ট সংস্করণ

জন্মদিন মানেই কেক কাটা, আতশবাজি আর রাতভর হইচই। তবে এসব প্রচলিত হিসাব পাল্টে দিয়ে সম্পূর্ণ ব্যতিক্রমী ও মানবিক আয়োজনে নিজের ৮২তম জন্মবার্ষিকী উদযাপন করলেন কুষ্টিয়ার কুমারখালীর বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ। 

জন্মদিন উপলক্ষে গতকাল শুক্রবার ‘আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কে’ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘আত্মীয় সম্মেলন-২’ নামের এই অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার অন্তত দুই হাজার ‘কোরআনের পাখি’ সহ প্রায় সাত হাজার মানুষ অংশ নেন।
দিনব্যাপী আয়োজনে কোনো কৃত্রিম জাঁকজমক ছিল না। আয়োজনে প্রাধান্য পেয়েছে মানবসেবা, শিক্ষা ও ধর্মীয় অনুশাসন। সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। দিনজুড়ে ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক ডকুমেন্টারি প্রদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প। পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। দিনশেষে হাজারো অতিথির জন্য ছিল উন্নত মানের খাবারের আপ্যায়ন।

অনুষ্ঠানে আসা শিক্ষক মো. ইমরান হোসেন ও আরিফুল ইসলাম বলেন, ‘সময়ের পালাবদলে পৃথিবী কাউকে মনে রাখে না, তবে কিছু মানুষ কর্মের মাধ্যমে বেঁচে থাকেন। আলহাজ্ব আলাউদ্দিন আহমেদ তাদেরই একজন।’
এ সময় আবেগাপ্লুত কণ্ঠে আলাউদ্দিন আহমেদ বলেন, ‘দুনিয়াতে আসছি খালি হাতে, যাব খালি হাতে। যা কিছু করেছি, সবই আল্লাহর সন্তুষ্টির জন্য। সবাই দোয়া করবেন যেন এসব ভালো কাজের ওসিলায় আল্লাহ আমাদের পরকালে বেহেশত দান করেন।’ তাঁর স্ত্রী সুরাইয়া বিলকিস বলেন, মানুষের সেবাই আমাদের ধর্ম। সারাজীবন আলাউদ্দিন আহমেদ মানুষের জন্য কাজ করেছেন। আল্লাহ যাতে তাঁকে উত্তম পুরুস্কার দান করেন।’ 
আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মো. মোর্শেদ আলম জানান, ধনী-গরিব, আলেম ও শিক্ষকদের মেলবন্ধনে এই আয়োজন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছিল। 

আরও পড়ুন

×