ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত

সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত
×

ছবি: সমকাল

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা 

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ২০:৫১

বর্তমান বিএনপি সরকার ব্যর্থ হলে এ দেশে কেউ বাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি আরও বলেন, বর্তমান সময়ের চেয়ে আন্তরিক প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে আর আসবে না। 

শনিবার দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে এবারের প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করতে না পারি, মনে রাখবেন আমরা শেষ হব না, আপনারা শেষ হবেন। কেউ কারও বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না। কারণ, সবার আমলনামা সবাই জানছে।’

তিনি চিকিৎসকদের অনুরোধ করে বলেন, ‘দেশটার স্বার্থে তৈরি দেশটাকে আপনারা ধ্বংস করবেন না। সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য দান করি, দেশটা উঠে যাবে।’

এ সময় তিনি প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে বলেন, ‘লক্ষ লক্ষ ছেলেমেয়ে আমাদের বিদেশে। তারা যদি টাকা না পাঠাত, দেশের রিজার্ভ শূন্য হয়ে যেত। কেউ খেতে পারতেন না, চাকরির বেতনও পেতেন না। কাজেই সুঠাম-সুন্দর মানুষ আমাদের তৈরি করতে হবে। তরুণ প্রজন্ম আমাদের তৈরি করতে হবে। সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, আমরা বাংলাদেশি।’

পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, রোগীদের উপস্থিতি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনসহ সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে সেবার মান সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং প্রয়োজনীয় উন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনাদের অনুরোধ করে বলছি, এরপরও যদি অনিয়মিতভাবে কাজ করেন, তাহলে টার্মিনেশন অথবা সাসপেনশন করতেই হবে। আমরা এখন অনেক কঠোর পদক্ষেপ নেব। যত দিন নরম থাকার প্রয়োজন ছিল, তত দিন ছিলাম। এখন আর নরম থাকার সুযোগ নেই। 

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস। হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের আশপাশে থাকা দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা ও অফিস সময়ে ক্লিনিকে চিকিৎসা দেওয়ায় দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। 

আরও পড়ুন

×