খালাসি পদে নিয়োগে আদালতের রায় বাস্তবায়নে অপপ্রচারের অভিযোগ
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ২১:৫০
বাংলাদেশ রেলওয়ের খালাসি পদে নিয়োগে আদালতের রায় বাস্তবায়ন নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলেছে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটি। এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ৮৬৫ জন খালাসি পদের ঘোষিত ফলাফল থেকে অধিকারবঞ্চিতদের পক্ষে আদালতের রায় বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তবে একটি কুচক্রী মহল এ নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, ২০১০ সালে ৮৬৫টি খালাসি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ২০১৫ সালে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন অভিযোগের কারণে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হয় ২০১৯ সালে। পরে নানা কারণে রেলওয়ে পোষ্য কোটায় উত্তীর্ণদের নিয়োগপত্র দেওয়া স্থগিত ছিল।
মনিরুজ্জামান মনির আরও বলেন, রেলওয়ে পোষ্য কোটায় নিয়োগপ্রত্যাশীরা আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশনার ভিত্তিতে নিয়োগ কমিটি গত ৮ জুলাই ৬৬ জনকে নিয়োগপত্র দিয়েছে। অন্যদের নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি অভিযোগ করেন, একটি নিয়োগ সিন্ডিকেট এ নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংগঠনটির নেতারা বলেন, আদালতের রায়ে যোগ্য আবেদনকারীদের অনুকূলে পোষ্য কোটা সংরক্ষণ করে নিয়োগপত্র দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে অন্য কোনো বৈধ কারণে কেউ অযোগ্য হলে নিয়োগ না দেওয়ার সুযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রেলওয়ে পোষ্য সোসাইটির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি দেলোয়ার হোসেন বাপ্পি, সদস্য সঞ্জয় কুমার ও জামাল উদ্দিন এবং চট্টগ্রাম কমিটির প্রচার সম্পাদক মো. শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।