ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি আহত
বাংলাদেশ-ভারত সীমান্ত (ফাইল ছবি)
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৩:০১ | আপডেট: ০৪ আগস্ট ২০২৬ | ১৩:১০
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। আহত রুবেল মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
স্থানীয় ও বিজিবির বরাতে জানা গেছে, ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি সংলগ্ন সীমান্তে অবস্থান করেন। এ সময় বিএসএফের টহল দল তাদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে রুবেল গুরুতর আহত হন।
পরে রুবেলসহ অন্যরা বাংলাদেশে ফিরে আসেন। আহত অবস্থায় তাকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান জানান, রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে তারা জানতে পেরেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।