ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টাতেও শুরু হয়নি উদ্ধার কাজ

সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ২ ঘণ্টাতেও শুরু হয়নি উদ্ধার কাজ
×

ছবি-সমকাল

সিরাজগঞ্জ ও উল্লাপাড়া প্রতিনিধি

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬ | ১৪:৫৩

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনের কাছে ঢাকাগামী 'সিল্কসিটি এক্সপ্রেস' ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার দুই ঘণ্টা পার হলেও এখনো উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি। 

মঙ্গলবার বেলা ১০টা ৫৫ মিনিটে দুর্ঘটনা ঘটলেও দুপুর ১২টা ৫৫ মিনিট পর্যন্ত উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। ফলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ঈশ্বরদী (পাকশী) থেকে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধারে রওনা হওয়া রিলিফ ট্রেনটি এখনো পথেই রয়েছে। সেটি ঘটনাস্থলে এসে পৌঁছালে তবেই উদ্ধার তৎপরতা শুরু হবে। দীর্ঘ সময় ধরে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় যমুনা সেতুর দুই পাড়ে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী।

এর আগে সকাল ১০টা ৫৫ মিনিটের দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের ঠিক এক কিলোমিটার আগে হঠাৎ ট্রেনটির পাওয়ার কার (বিদ্যুৎ সরবরাহকারী বগি) লাইনচ্যুত হয়। বিপদ টের পেয়ে চালক দ্রুত জরুরি ব্রেক করলে ট্রেনটি থামিয়ে দেওয়ায় নিশ্চিত দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

এদিকে ২ ঘণ্টা ধরে লাইন অবরুদ্ধ হয়ে থাকায় যমুনা সেতুর পূর্ব পাড়ে ইব্রাহিমাবাদ স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা 'রংপুর এক্সপ্রেস' এবং পশ্চিম পাড়ের সায়দাবাদ স্টেশনে ঢাকাগামী 'নীলসাগর এক্সপ্রেস'সহ একাধিক দূরপাল্লার ট্রেন আটকা পড়ে আছে। তীব্র গরম আর দীর্ঘ অপেক্ষায় যাত্রীদের ভোগান্তি এখন চরমে পৌঁছেছে।

যমুনা সেতু পশ্চিম (সায়দাবাদ) রেল স্টেশনের মাস্টার মনিরুজ্জামান জানান, খবর দেওয়ার পরপরই ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনটি রওনা হয়েছে। ট্রেনটি পৌঁছালে উদ্ধার কাজ শুরু করা হবে। লাইন সচল হতে আরও কিছুটা সময় লাগবে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার জানান, দুর্ঘটনার পরপরই বিষয়টি পাকশী পশ্চিমাঞ্চল রেল বিভাগকে জানানো হয়। দ্রুত লাইন সচল করতে উদ্ধারকারী দল আসার অপেক্ষায় রয়েছে।

​পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা কামাল জানান, "রিলিফ ট্রেনটি উদ্ধার কাজের জন্য রওনা দিয়েছে। সেটি দ্রুতই পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করবে। আমিও নিজেও উদ্ধার কর্মী ও  ট্রেনের সাথে রয়েছি।"

​পশ্চিমাঞ্চল রেলওয়ের (রাজশাহী) মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, "মনসুর আলী রেল স্টেশনের কাছে পাওয়ার কারটি লাইনচ্যুত হওয়ার পরই রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। পথিমধ্যে থাকা ট্রেনটি দুর্ঘটনাস্থলে পৌঁছালেই বগি সরানোর কাজ শুরু হবে। উদ্ধার কাজ শেষে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।"

আরও পড়ুন

×