জুলাই গণঅভ্যুত্থানের মামলা
চাঁদপুরে দীপু মনি, মায়াসহ ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ০১:০৬
জুলাই গণঅভ্যুত্থানের সময় চাঁদপুরে আন্দোলনকারীদের ওপর হামলা, ভাঙচুর এবং বিষ্ফোরণ ঘটানোর অভিযোগে দায়ের করা মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তার ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, চাঁদপুর-১ (কচুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ এবং চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।
গতকাল মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি ফয়েজ আহমেদ। ২০২৪ সালের ২৭ আগস্ট সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের মোক্তার আহমেদ পাটওয়ারী। মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন ৩৫০ এবং অজ্ঞাতনামা ২৫০ জন। ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে চাঁদপুরে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে এই প্রথম কোনো মামলার অভিযোগপত্র দাখিল হল।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. নুরুল আলম জানান, গত ১৪ জুন আদালতে অভিযোগপত্র উপস্থাপন করা হয়েছে। এজাহারভুক্ত আসামিদের মধ্যে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা নেই ৫২জনের। পূর্ণাঙ্গ ঠিকানা পাওয়া যায়নি ১৩জনের, সন্দেহভাজন আসামী থেকে বাদ হয়েছে ১০জন, এজাহারে একাধিকবার নাম উল্লেখ করা ব্যাক্তি থেকে বাদ হয়েছে ২০জন। এজহারভুক্ত আসামীদের মধ্যে মারা গেছেন ৩জন।
- বিষয় :
- মামলা
- জুলাই গণ-অভ্যুত্থান