জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ১৭:৪২
জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ফজলে হুদা বাবুল। তিনি বলেছেন, নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলেই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া সম্ভব।
বুধবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফজলে হুদা বাবুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ জাতিকে নতুন পথ দেখিয়েছে। তাদের স্বপ্ন বাস্তবায়নে সম্মিলিতভাবে বৈষম্য, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান অর্জন করলেই হবে না; দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে উন্নত, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিতে হবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আত্মত্যাগ, সাহস ও জাতীয় ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ চেতনাকে ধারণ করে দায়িত্বশীল, মানবিক ও সৃজনশীল নাগরিক গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় কাজ করছে। জ্ঞানচর্চার পাশাপাশি ন্যায়বোধ, সততা ও সামাজিক দায়বদ্ধতার চর্চাই একটি শক্তিশালী জাতি গঠনের ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নতুন প্রজন্মকে দেশপ্রেম, নৈতিকতা ও দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশ্ববিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ডা. মো. তারিকুল ইসলাম। এতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশ নেন। আলোচনা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।