পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে পানিতে পড়ে শিক্ষার্থীর মুত্যু
প্রতীকী ছবি
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ০৬:৪৩
নেত্রকোনায় টহলরত গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় খালের পানিতে পড়ে সাব্বির শেখ নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নেত্রকোনা সদর উপজেলার হরিখালী খালে এ ঘটনা ঘটে।
সাব্বির শেখ (১৯) নেত্রকোনা শহরের মেছুয়া বাজারের ব্যবসায়ী নাদিম শেখের ছেলে। তিনি নেত্রকোনা আবু আব্বাছ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নেত্রকোনা ডিবি পুলিশের ৯ সদস্যের একটি দল মোটরসাইকেলে গত মঙ্গলবার বিকেলে মাদকবিরোধী অভিযানে যাচ্ছিল। দলের নেতৃত্বে ছিলেন ডিবির (পশ্চিম) উপপরিদর্শক রাজন মিয়া। পথে নেত্রকোনা-আমতলা সড়কের হরিখালী খালের কাছে পৌঁছালে সাব্বিরসহ কয়েকজন যুবক দূর থেকে পুলিশকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারা পাশের হরিখালী খালে লাফিয়ে পড়েন। অন্যেরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির পানিতে ডুবে যান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সড়কের পাশে নিয়ে যান। পরে ডিবি পুলিশ সদস্যরা তাঁকে নেত্রকোনা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাজহারুল আমিন মাজু বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনা হয়। ইসিজি পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তাঁর শরীরের কাপড়চোপড় ভেজা ছিল। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহত সাব্বিরের বোন পূর্ণিমা আক্তার জানান, সাব্বির নিয়মিত মেছুয়া বাজারে বাবার দোকানে বসতেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে বের হন। পরে তারা জানতে পারেন, ডিবি পুলিশকে দেখে দৌড়ে পালানোর সময় সাব্বির পানিতে পড়ে মারা গেছেন। সাব্বির সাঁতার জানতেন না। ভাইয়ের মৃত্যুর বিষয়টি রহস্যজনক দাবি করে পূর্ণিমা আক্তার বলেন, সাব্বির কোনো মামলার আসামি ছিলেন না এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিলেন না। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচার চান তিনি।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম বলেন, যুবকরা পুলিশকে দেখে কেন দৌড়ে পালিয়েছিলেন? কোনো মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন কিনা এবং কীভাবে সাব্বির পানিতে পড়ে মারা গেলেন– সব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।