নওগাঁয় স্বর্ণ ছিনতাই চক্রের সদস্য গ্রেপ্তার
স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জামাল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। ছবি: সমকাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১২:০৮
নওগাঁ শহরে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনার কয়েক দিনের মধ্যেই এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ৩০ জুলাই রাত ১১টার দিকে নওগাঁ শহরের তাজের মোড়ে স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালের গতিরোধ করে তাঁর ব্যাগে থাকা প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় সংঘবদ্ধ একটি চক্র। ঘটনার পরই পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তল্লাশি জোরদার করা হয়।
৩১ জুলাই নওগাঁ সদর থানায় মামলা দায়েরের পর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবের নেতৃত্বে তদন্ত শুরু হয়। তদন্তে এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ, বিভিন্ন জেলার সড়ক ও টোল প্লাজার তথ্য বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি শনাক্ত করা হয়।
এর ধারাবাহিকতায় ৩ আগস্ট থেকে পরিচালিত অভিযানে যশোরের কোতোয়ালি এলাকা থেকে চক্রের অন্যতম সদস্য ও মাইক্রোবাসের চালক মো. জামাল হোসেন ফুলনকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে জব্দ করা হয় ছিনতাইয়ে ব্যবহৃত মাইক্রোবাসটি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জামাল হোসেন পুলিশকে জানান, চার সদস্যের চক্রটি ঢাকার কল্যাণপুর থেকে শ্যামলী পরিবহনে নওগাঁগামী স্বর্ণ ব্যবসায়ী সুভাষ পালকে অনুসরণ করে। নওগাঁ বাসস্ট্যান্ডে নামার পর তাজের মোড়ে তাঁর ব্যাগ থেকে প্রায় ১৪ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় তারা। পরে পুলিশের তল্লাশি শুরু হলে চক্রের সদস্যরা বিভিন্ন দিকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার জামাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘জেলায় স্থাপিত এআই-সংযুক্ত সিসিটিভি ক্যামেরা অপরাধ তদন্তে কার্যকারিতা প্রমাণ করছে। এই প্রযুক্তির সহায়তায় অল্প সময়ের মধ্যেই ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি শনাক্ত, একজন আসামিকে গ্রেপ্তার এবং গাড়িটি জব্দ করা সম্ভব হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।’