ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

জমি নিয়ে বিরোধের জেরে শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ
×

হাসপাতালে ভর্তি নির্যাতনের শিকার শিক্ষক মাহামুদ আলম প্রধান। ছবি: সমকাল

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬ | ১৮:৩৩ | আপডেট: ০৬ আগস্ট ২০২৬ | ১৮:৪৯

পঞ্চগড়ে জমি নিয়ে বিরোধের জেরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গত সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের মাগুড়া প্রধানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নির্যাতনের শিকার মাহামুদ আলম প্রধান পঞ্চগড় সদর উপজেলার ৭১ নম্বর গড়িনাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আসামি করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করেছেন ওই শিক্ষক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ওই এলাকার সফিজুল, নুর ইসলাম, বাবুসহ তাদের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে বাড়ির ফেরার সময় কয়েকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে একটি কাঁঠাল গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতন করা হয়। এসময় তার ব্যাগে থাকা নগদ এক লাখ ৫০ হাজার টাকা নিয়ে নেওয়া হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল তাকে উদ্ধার করে।

শিক্ষক মাহামুদ আলম প্রধান বলেন, সবাই দেখেছেন আমাকে কীভাবে গাছে বেঁধে রাখা হয়েছিল। আমি এই ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্ত কারোর বক্তব্য পাওয়া যায়নি। তবে ওই পরিবারের আনসার আলী নামে একজন মোবাইল ফোনে বলেন, আমি ঘটনার সময় ছিলাম না। পরে বাড়িতে এসে বিষয়টি জানতে পারি।

মাগুরা ইউপি চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি জানার পর গ্রাম পুলিশকে তাকে উদ্ধারের জন্য পাঠাই। তবে এরই মধ্যে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি এজহার জমা দিয়েছেন ভুক্তভোগী শিক্ষক। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×