ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জুলাইযোদ্ধাদের ওপর হামলা

শরীয়তপুরের বিএনপি নেতাকে শোকজ

শরীয়তপুরের বিএনপি নেতাকে  শোকজ
×

মাহবুব মোর্শেদ টিপু

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৮:৪২

| প্রিন্ট সংস্করণ

ছাত্র-জনতার অভ্যুত্থান দিবসে শরীয়তপুরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা ও এনসিপি নেতাকর্মীর ওপর হামলার ঘটনায় এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এই নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে।
এতে বলা হয়, ৫ আগস্ট অনুষ্ঠিত ‘জুলাইযোদ্ধাদের সমাবেশ’ অনুষ্ঠানে মাহবুব মোর্শেদ টিপু মাদবরের বিরুদ্ধে দলীয় আচরণবিধি লঙ্ঘনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁর কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ও নীতিপরিপন্থি বলে প্রতীয়মান হওয়ায় কেন তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

গত বুধবার শরীয়তপুর পৌরসভা অডিটরিয়ামে জেলা প্রশাসন জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করে। সেখানে অংশ নিতে যান গেজেটভুক্ত জুলাইযোদ্ধা জাকির হোসেন মিন্টু (আদর), বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজিরসহ এনসিপির কয়েকজন নেতাকর্মী। এ সময় তাদের মারধর ও লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের অভিযোগ, জেলা প্রশাসনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির কিছু নেতাকর্মী। এক পর্যায়ে তর্কাতর্কির জেরে তাদের ওপর হামলা চালানো হয়।
এদিকে এসব অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তাঁর দাবি, অনুষ্ঠানে ইমরান আল নাজির বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেন। এতে উপস্থিত নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে তাঁকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। হামলার অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক নাসির উদ্দীন কালু সরদার সমকালকে বলেন, বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় বিএনপি থেকে শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবরকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে সাংগঠনিক সিদ্ধান্ত কেন্দ্রীয় নেতৃত্বই নেবেন।

আরও পড়ুন

×