সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতি করলে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১২:২৮
কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেট করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের আইনগতভাবে শাস্তির মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা বাজারের পাট ও পেঁয়াজের পাইকারি হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিপণ্যের ওজন নিয়ে প্রান্তিক কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর বাজারটি পরিদর্শন করেন।
আইনমন্ত্রী বলেন, দরিদ্র কৃষকরা বাজারে পণ্য নিয়ে আসার পর বিভিন্ন পর্যায়ে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা ও পণ্য নেওয়ার অভিযোগ রয়েছে। ব্যবসায়ীরা ওজনের সময় এক থেকে দুই কেজি পর্যন্ত ধলতা বা বাড়তি ওজন নেন।
তিনি বলেন, এভাবে ৪৫ কেজিতে এক মণ হিসাব করা হচ্ছে। অর্থাৎ কৃষককে বাজারে এক মণ পণ্য বিক্রি করতে বাড়ি থেকে প্রায় ৪৫ কেজি পণ্য নিয়ে আসতে হচ্ছে। এতে প্রান্তিক কৃষক নিয়মিত আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
বিষয়টি জানতে পেরে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এরই মধ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং আরেক ব্যবসায়ীকে সাজা দেওয়া হয়েছে। এরপরও পরিস্থিতি সরেজমিনে দেখতে শৈলকুপা বাজার পরিদর্শনে এসেছেন।
ব্যবসায়ীদের সিন্ডিকেটের বিষয়ে সতর্ক করে মো. আসাদুজ্জামান বলেন, অনেক ব্যবসায়ী ওজনের সময় নির্ধারিত পরিমাণের বেশি পণ্য না দিলে তা কিনবেন না বলে সিন্ডিকেট করেছেন। তাদের এক থেকে দুই সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। এরপরও তারা কৃষকের কাছ থেকে অতিরিক্ত পণ্য না নিলে বিকল্প ব্যবসায়ী তৈরি করা হবে।
তিনি আরও বলেন, বাজারের সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে। প্রান্তিক কৃষক যাতে তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পান, সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে। কোনোভাবেই কৃষককে ক্ষতির মুখে পড়তে দেওয়া হবে না।
এবার দেখেন ভাইয়া
- বিষয় :
- আইনমন্ত্রী
- মো. আসাদুজ্জামান
- ঝিনাইদহ