চা-শ্রমিকদের কর্মবিরতি ও গণবিক্ষোভ
কুলাউড়ার দিলদারপুর চা বাগানে শনিবার শ্রমিকদের গণবিক্ষোভ কর্মসূচি সমকাল
কুলাউড়া ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:৩৬ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ০৯:৪৯
| প্রিন্ট সংস্করণ
মজুরি বৃদ্ধি, মাত্র ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল এবং অবাধ নির্বাচনের দাবিতে মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জে পৃথক কর্মসূচি পালন করেছেন চা শ্রমিকরা। এ সময় তারা কাজ বন্ধ রেখে গণবিক্ষোভে অংশ নেন।
গতকাল শনিবার সকালে কুলাউড়ার দিলদারপুর চা বাগানের শ্রমিকরা বাগান প্রাঙ্গণে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেন।
জাতীয় সংসদে উত্থাপিত দৈনিক ৫০০ টাকা মজুরি অবিলম্বে কার্যকর করা এবং শ্রম অধিদপ্তরের অযাচিত হস্তক্ষেপ বন্ধের দাবিতে তারা আন্দোলনে নামেন। এতে দিলদারপুর চা বাগানের শতাধিক সাধারণ শ্রমিক ও স্থানীয় শ্রমিকনেতারা অংশ নেন।
বাগান পঞ্চায়েত অ্যাডহক কমিটির সভাপতি সিতারাম কলির সভাপতিত্বে এবং বিকাশ পালের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সংস্কার কমিটির সদস্য সচিব জনক লাল দেশোয়ারা রনি, যুগ্ম আহ্বায়ক আকাশ দোষাদ, চা শ্রমিক নারী ফোরামের নেত্রী গীতা রানী কানু, সাবেক পঞ্চায়েত সভাপতি বিকাশ চাষা, ক্লিভডন চা বাগানের শ্রমিকনেতা অজিত গোয়ালা, নারীশ্রমিক পঞ্চমী ভূমিজ, পূরবী রায় ও পপি রিকিয়াসন।
সমাবেশে বক্তারা বলেন, জাতীয় সংসদে উত্থাপিত শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি শ্রম অধিদপ্তরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হলে চা শিল্পই ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে কমলগঞ্জেও একই দাবিতে আন্দোলনে নামেন চা শ্রমিকরা। তাদের দাবির মধ্যে উল্লেখযোগ্য ছিল ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল ও শ্রমিকদের দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ, ভূমির অধিকার নিশ্চিত করা এবং চা শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) নির্বাচন।
এসব দাবিতে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ উপজেলা চৌমুহনা চত্বরে চা বাগানের সচেতন ছাত্র-যুবকদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন চা শ্রমিকরা। চা ছাত্র-যুব পরিষদ নেতা মোহন রবিদাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সুমন রবিদাস, রাজীব বৈদ্য, সন্তোষ রবিদাস, সারথী মুরারী দাস প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতির বাজারে বর্তমান স্বল্প মজুরি দিয়ে পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। জীবনযাত্রার
ব্যয় বহুগুণ বাড়লেও চা শ্রমিকদের মজুরি সে অনুপাতে বাড়েনি। ফলে তারা চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন।
বক্তারা অবিলম্বে ৫ শতাংশ ইনক্রিমেন্টের গেজেট বাতিল করে দৈনিক ৫০০ টাকা মজুরি কার্যকর করা, চা শ্রমিকদের ভূমি অধিকার দান এবং চা শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জোর দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
- বিষয় :
- বিক্ষোভ