ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

সিলেট বোর্ডে পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ

সিলেট বোর্ডে পাসের হার কমেছে ১০.২৪ শতাংশ
×

ছবি: সংগৃহীত

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৬:৫১

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১০ দশমিক ২৪ শতাংশ। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এবার তা নেমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে।

ফলাফলে সবচেয়ে বড় ধস নেমেছে মানবিক বিভাগে। এ বিভাগে এবার পাসের হার কমে দাঁড়িয়েছে ৪৮ দশমিক ১৬ শতাংশে। গত বছর মানবিক বিভাগে পাসের হার ছিল ৬৪ দশমিক ৭১ শতাংশ।

সিলেট বোর্ডে ফলাফল বিপর্যয়ের কারণ নিয়ে নানা প্রশ্ন ও বিশ্লেষণ শুরু হয়েছে। তবে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াসমিনের দাবি, পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের কারণে এবার শিক্ষার্থীরা ‘ক্লিন ও ক্লিয়ার’ পরীক্ষা দিয়েছে। ফলে রেজাল্টে এর প্রভাব পড়েছে। আজ সকালে শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় মোট ৮৯ হাজার ৭৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন। গত বছর পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২১৯ জন এবং উত্তীর্ণ হয়েছিল ৭০ হাজার ৯১ জন।

পাসের হার কমলেও এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। গত বছর সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছিল ৩ হাজার ৬১৪ জন। এবার পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।

বোর্ডের তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে কম। ২০২২ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৮২ শতাংশ, ২০২৩ সালে ৭৬ দশমিক ০৬ শতাংশ, ২০২৪ সালে ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং ২০২৫ সালে ৬৮ দশমিক ৫৭ শতাংশ। চলতি বছর তা নেমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৩৩ শতাংশে।

আরও পড়ুন

×