ইছাখালী সীমান্ত
বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ায় দুই ভারতীয়কে আটক করল গ্রামবাসী
ধলা সীমান্ত এলাকা। ছবি- সমকাল
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৪:১১ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ১৪:৫৮
মেহেরপুরের সদর উপজেলার ইছাখালী সীমান্তে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার প্রতিবাদে দুই ভারতীয়কে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, ইছাখালী গ্রামের মৃত নুর আহমেদের ছেলে আব্দুল মান্নান (৬০) সীমান্ত পিলার ১২৪/৩-এর কাছে নিজের জমিতে কাজ করতে গেলে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার তেহট্ট থানার অধীন ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের নবচন্দ্রপুর ক্যাম্পের একটি টহলদল তাকে ধরে নিয়ে যায়।
বিষয়টি জানার পর কিছুক্ষণ পর স্থানীয় লোকজনের সহযোগিতায় মান্নানের আত্মীয়স্বজনেরা সীমান্ত এলাকায় কৃষিকাজ করার সময় দুই ভারতীয়কে আটক করে। তারা হলেন- শচীন দাস (৬৫) ও রতন বিশ্বাস (৩৫)। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে হস্তান্তর করেন তারা।
এ বিষয়ে ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। তিনি আশা করছেন, পতাকা বৈঠকে বাংলাদেশি নাগরিক আব্দুল মান্নানকে ফেরত আনা হবে এবং একই সঙ্গে ভারতীয় দুই নাগরিককে ফেরত দেওয়া হবে।
সীমান্তবর্তী সাধারণ মানুষ ও কৃষকদের ভারতীয় ভূখণ্ডে প্রবেশ না করে সতর্কতার সঙ্গে চলাফেরা করার আহ্বান জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
- বিষয় :
- মেহেরপুর
- সীমান্ত
- বিজিবি
- বিএসএফ
- ভারতীয় নাগরিক