ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে কমিটি
×

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২১:৪৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বিভাগটির একাডেমিক কমিটির দাখিলকৃত অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির সভায় এই তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সভাপতি অধ্যাপক ড. জালাল উদ্দিনকে। সদস্য হিসেবে রয়েছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার। এ ছাড়া সদস্য সচিব হিসেবে আছেন ইইই বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন মোল্লা। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে তদন্ত করে প্রযোজ্য ক্ষেত্রে শাস্তির সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে।
 
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, আইন, পলিটিক্যাল সায়েন্স ও লোকপ্রশাসনসহ কয়েকটি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার’ শেখানোর নামে র‌্যাগিংয়ের অভিযোগ ওঠে। বিভাগের সিনিয়রদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখা, ময়লা পানি পান করানো, জোরপূর্বক ধূমপান, নাচানো ও গালাগালসহ বিভিন্ন অভিযোগ ওঠে। ওরিয়েন্টেশনের পর থেকে বিভিন্ন সময়ে বিভাগগুলোর শ্রেণিকক্ষ, খেলার মাঠ, হল ও মেসে এসব ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।

বিষয়টি জানার পর সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতিকে মৌখিকভাবে অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দেয় অ্যান্টি র্যা গিং ভিজিলেন্স কমিটি। এরপর ট্যুরিজম বিভাগের একাডেমিক কমিটি ভুক্তভোগীদের সাক্ষাৎকার নিয়ে লিখিত অভিযোগ দেয়। সেই অভিযোগের ভিত্তিতেই বিভাগটির র্যা গিং তদন্তে কমিটি গঠন করা হয়েছে। তবে অন্য বিভাগগুলো থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছে ভিজিলেন্স কমিটি। 

ট্যুরিজম বিভাগের ঘটনায় গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ড. জালাল উদ্দিন বলেন, কমিটির প্রথম সভা আগামী শনিবার অনুষ্ঠিত হবে। সভায় আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ 

অ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. শাহীনুজ্জামান বলেন, র‌্যাগিংয়ের ঘটনার বিষয়ে জানার পর সংশ্লিষ্ট বিভাগগুলোর সভাপতিকে বিষয়গুলো তদন্তের জন্য বলেছিলাম। ইতোমধ্যে ট্যুরিজমের রিপোর্ট দিয়েছে। তাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ভিজিলেন্স কমিটির সদস্যদের দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য বিভাগ ও শিক্ষার্থীদের কাছ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে সেগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×