রাঙামাটিতে সাংবাদিক ও ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৩:৩৭
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গতকাল মঙ্গলবার দুপুরে রাঙামাটিতে অভিযান চালিয়ে সাংবাদিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন– বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির রাঙামাটি জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীর ছবি বিকৃত করার অভিযোগে ঢাকার শাহবাগ থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, গতকাল আড়াইটার দিকে জেলা ছাত্রদলের সাবেক নেতা সুমনকে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেন সাদা পোশাকের ডিবি সদস্যরা। সেখানে সাংবাদিক সৈকতও ছিলেন। তিনি ডিবি সদস্যদের সঙ্গে তর্কে জড়ান। এক পর্যায়ে সুমনের সঙ্গে সৈকতকেও একই মাইক্রোবাসে তুলে নিয়ে যান ডিবি সদস্যরা।
রাতে জানতে চাইলে ঢাকা মহানগর ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সমকালকে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের এক নেত্রীর ছবি বিকৃত করে নগ্ন ছবি জুড়ে দিয়ে আপত্তিকরভাবে উপস্থাপন করার অভিযোগ পাওয়া গেছে। পরে বিভিন্নজনের কাছে সেই ছবি পাঠানো হয়েছে। ছাত্রদলের সাবেক নেতা সুমন এ কাজ করেছেন এবং সাংবাদিক সৈকতের মোবাইল ফোন থেকে ছবিটি ছড়ানো হয়েছে।
- বিষয় :
- গ্রেপ্তার