ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র, কৃষিতে ঝুঁকি

রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র, কৃষিতে ঝুঁকি
×

পানছড়ির চেঙ্গী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ফেলায় নদীতে জমিয়ে রাখা সেচের পানি ভাটির দিকে নেমে যায়। হঠাৎ পানিশূন্য হয়ে পড়ায় বিস্তীর্ণ বোরো ক্ষেতে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে সমকাল

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৭:৫০

| প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ির পানছড়িতে চেঙ্গী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র করেছে দুর্বৃত্তরা। এতে ড্যাম থেকে পানি বেরিয়ে যাওয়ায় চলতি মৌসুমে প্রায় এক হাজার ২০০ একর জমিতে বোরো ধান ও রবিশস্য আবাদ ঝুঁকিতে পড়েছে। এতে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় শত শত কৃষক।

জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, চাষের সুবিধার জন্য শুকনো মৌসুমে চেঙ্গী নদীর পানির প্রবাহ ধরে রাখতে সরকার ২০১৩ সালে রাবার ড্যামটি নির্মাণ করে। ড্যামটি নির্মাণের পর থেকে পানছড়ি উপজেলার আড়াই হাজারের বেশি কৃষক বোরো ও রবিশস্য চাষাবাদে সেচ সুবিধা পেয়ে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাতের বেলায় দুর্বৃত্তরা ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে ফেলে। এর ফলে চেঙ্গী নদীতে জমিয়ে রাখা সেচের পানি ভাটির দিকে নেমে যায়। হঠাৎ পানিশূন্য হয়ে পড়ায় বিস্তীর্ণ বোরো ক্ষেতে সেচ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সঠিক সময়ে জমিতে পানি দিতে না পারলে ধানক্ষেত শুকিয়ে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
কৃষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি কুচক্রী মহলের হীন স্বার্থের বলির পাঁঠা হয়েছেন তারা। সেচ দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা না 
থাকায় এখন পুরো এক হাজার ২০০ একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম। রাবার ড্যামটি জরুরি ভিত্তিতে সংস্কার বা মেরামত করে সেচ সুবিধা সচল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন তারা। 

ড্যামটির পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি দেবাশীষ চাকমা জানান, কে বা কারা অসৎ উদ্দেশ্যে ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে দিয়েছে। ফলে ড্যামে পানি সঞ্চয়ের মৌসুম বর্ষাকালেই পানি ধরে রাখা যাচ্ছে না। 
পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উচিৎ মণি চাকমা জানান, ড্যামের এয়ারব্যাগ কেটে ছিদ্র করা অত্যন্ত গর্হিত কাজ। প্রশাসনের উচিত অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকদের স্বার্থ রক্ষায় ড্যামটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
খাগড়াছড়ি এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার রহমান জানান, এটা বিদেশি প্রযুক্তিতে তৈরি করা বাঁধ। স্থানীয়ভাবে মেরামত করার মতো দক্ষ লোকবল নেই। এটা মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের উপপরিচালক নাছিরউদ্দিন চৌধুরী বলেন, ড্যামের রাবার এয়ারব্যাগ কেটে ছিদ্র করার বিষয়ে থানায় মামলা করা হবে। ইতোমধ্যে ড্যামটি মেরামতের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি খুবই জনগুরুত্বপূর্ণ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রকল্পস্থলে সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের শনাক্ত করা যায়নি।
 

আরও পড়ুন

×