ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

ঈশ্বরদীতে চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীরা
×

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৮:২৯ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৮:৩১

পাবনার ঈশ্বরদীর পার্শ্ববর্তী মাঝগ্রাম স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ঈশ্বরদীগামী ফাইভ ডাউন মেইল ট্রেনে এ ঘটনা ঘটে। এতে ওই বগির যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ট্রেন থামিয়ে যাত্রী ও কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত বগিটিকে ড্যামেজ ঘোষণা করে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, ঈশ্বরদী জংশন স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মাঝগ্রাম জংশন স্টেশনের কাছে হঠাৎ ট্রেনের একটি বগির বৈদ্যুতিক অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার ও ছোটাছুটি শুরু করেন। আতঙ্কে কয়েকজন যাত্রী ট্রেন থেকে লাফ দেওয়ারও চেষ্টা করেন বলে জানান তাঁরা।
ট্রেনে থাকা যাত্রী আব্দুল হামিদ বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তাঁরা ধারণা করছেন। চালক বিষয়টি জানতে পেরে ট্রেন থামিয়ে দেন। পরে যাত্রী ও ট্রেনের কর্মচারীরা মিলে আগুন নেভান।

আরেক যাত্রী আসাদুল ইসলাম বলেন, আগুনে বগিটির বড় ধরনের ক্ষতি হয়নি। যে অংশে আগুন লেগেছিল, মূলত ওই অংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী আহত হননি। তবে আরও কিছু সময় দেরি হলে বড় ধরনের ক্ষতি হতে পারত।

পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, সমস্যার কারণে ওই ট্রেনের একটি বগি ড্যামেজ ঘোষণা করা হয়েছে।

পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বলেন, ট্রেনের একটি বগিতে সমস্যা হয়েছিল। পরে তা সমাধান করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও বগিটির বৈদ্যুতিক ত্রুটির বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ তদন্ত করবে।

আরও পড়ুন

×