ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

চাঁদা না পেয়ে সাংবাদিককে মারধর, পাল্টাপাল্টি এজাহার

চাঁদা না পেয়ে সাংবাদিককে মারধর, পাল্টাপাল্টি এজাহার
×

 লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৮:২৮

| প্রিন্ট সংস্করণ

লালমনিরহাটে রাসেল হক (৩০) নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। নিজেকে বিএনপি নেতা পরিচয়দানকারী এক ব্যক্তি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে এই হামলায় জড়িত থাকার অভিযোগ এনে লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভুক্তভোগী রাসেল হক বাংলাদেশ প্রেস ক্লাব লালমনিরহাট জেলা শাখার যুগ্ম সম্পাদক। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গণঅভ্যুত্থানের পর রশিদুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। তিনি সাংবাদিক রাসেল হকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন এবং টাকা না দিলে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। দাবি করা টাকা না দেওয়ায় রাসেলের বিরুদ্ধে দুটি মামলাও করা হয়।
গত ১১ আগস্ট বিকেলে সংবাদ সংগ্রহ শেষে শহরের রেলওয়ে মুক্তমঞ্চ এলাকায় সহকর্মীদের সঙ্গে বিশ্রামের সময় রশিদুল, শামীম মিয়াসহ ১০-১২ জন সন্ত্রাসী রাসেল হকের কাছে পুনরায় ৭৫ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দুর্বৃত্তরা তাঁর ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ইতোমধ্যে মারধরের সেই দৃশ্যটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন রাসেল হক জানান, তাঁকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের ট্যাগ লাগিয়ে ধারাবাহিকভাবে চাঁদা দাবি ও হয়রানি করা হচ্ছিল। অন্যদিকে চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেছেন রশিদুল ইসলাম। তাঁর দাবি, রাজনৈতিক পট পরিবর্তনের আগে রাসেল হক ক্ষমতার দাপট দেখিয়ে এলাকায় মানুষকে ভয়ভীতি দেখাতেন ও চাঁদাবাজি করতেন।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব রংপুর বিভাগের সভাপতি এস আর শরিফুল ইসলাম রতন বলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সাংবাদিকরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহম্মেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় উভয়পক্ষই থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×