নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি, কাটা হলো ৪ শিক্ষকের এক দিনের বেতন
ছবি- সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৮:৪০
নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে চলে যাওয়ায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চার সহকারী শিক্ষকের এক দিনের বেতন কাটার নির্দেশ দিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। চলতি আগস্ট মাসের বেতন থেকে তাঁদের এক দিনের বেতন কাটা হবে।
উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, গত সপ্তাহে স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মী বেলা ২টার পর রাজমান চরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখতে পান, বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে। বিদ্যালয়ে কোনো শিক্ষক-শিক্ষার্থীও ছিলেন না। বিষয়টি তাঁরা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানান।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, গণমাধ্যমকর্মীদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ওই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলের কাজে উপজেলা শিক্ষা অফিসে গেলে সহকারী শিক্ষকরা নির্ধারিত সময়ের অনেক আগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ে তালা লাগিয়ে বাড়ি চলে যান।
এ ঘটনায় সহকারী শিক্ষক জান্নাতুল ফেরদৌস, আয়সা খাতুন, আবুল হোসেন ও আব্দুর রউফকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তাঁদের দেওয়া জবাব সন্তোষজনক না হওয়ায় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে চিঠি পাঠানো হয়।
এর পরিপ্রেক্ষিতে ১২ আগস্ট সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা চলতি আগস্ট মাসের বেতন থেকে চার শিক্ষকের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অভিযোগ পাওয়া গেলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন জানান, ঘটনার দিন তিনি বিদ্যালয়ের কাজে বেলা সাড়ে ১২টার পর উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসে যান। তাঁর অনুপস্থিতিতে সহকারী শিক্ষকরা নির্ধারিত সময়ের অনেক আগেই বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান। এ কারণে তাঁদের এক দিনের বেতন কর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করলে তারা ওই দিন নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দিয়ে ভুল করেছেন বলে জানান।
- বিষয় :
- প্রাথমিক বিদ্যালয়
- শিক্ষক
- বেতন